স্থলবন্দরের ব্যবস্থাপক রিমান্ডে
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে শুল্ক ফাঁকির মামলায় স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক কাজী আল তারিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার আদালত ওই নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ মে বাংলাবান্ধা স্থলবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে ২ হাজার ৪০০টি ভারতীয় বাইসাইকেল আনা হয়। খবর পেয়ে চেকপোস্ট বসিয়ে সাইকেলবোঝাই পাঁচটি ট্রাক আটক করে জেলা টাস্কফোর্স। পরদিন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার মো. আবুল কালাম বাদী হয়ে স্থলবন্দরের ব্যবস্থাপক কাজী আল তারিকসহ ১৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে গতকাল দুপুরে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন স্থলবন্দরের ব্যবস্থাপক। ওই আবেদনের বিরোধিতা করেন মামলার তদন্ত কর্মকর্তা বিজিবির আইন পরিদর্শক রওশন মোস্তফা। এ সময় তিনি পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে পঞ্চগড় জ্যেষ্ঠ বিচারিক হাকিম কৃষ্ণ কান্ত রায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।