স্থলভাগে তেল গ্যাস অনুসন্ধান বিদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধান বিদেশি কোম্পানির জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। তবে যেসব ব্লকে বা ক্ষেত্রে রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স কাজ করছে বা করার জন্য পরিকল্পনা করেছে সেগুলো তাদের জন্যই সংরক্ষণ করা হবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল বৃহস্পতিবার ‘সাংবাদিকদের মুখোমুখি’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেছেন। গতকাল বিকেলে বিদ্যুৎ ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, সম্ভাব্য স্বল্পতম সময়ে দেশে গ্যাসের মজুত নির্ধারণ ও সরবরাহ বাড়ানোর সরকারি পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবশ্য প্রতিমন্ত্রী গতকাল এ কথা বললেও, গত মাসেই স্থলভাগের চারটি ক্ষেত্রে (চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পটিয়া, জলদী, কাসালং ও সীতাপাহাড়) তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানির কাছ থেকে আগ্রহপত্র (লেটার অব ইনটেন্ড বা এলওআই) আহ্বান করে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৮ মে এই এলওআই দাখিলের শেষ দিন। স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কয়েক বছর আগে হাইকোর্টের দেওয়া রায় ‘ভ্যাকেট’ করা হয়েছে তারও আগে।
ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম, জ্বালানিসচিব আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।