রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের পাশাপাশি দেশের স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে অংশ নেওয়ার জন্য বিদেশি কোম্পানিকেও আহ্বান জানানো হবে। তবে চিরাচরিত প্রতিযোগিতামূলক দরপত্র (বিডিং) প্রক্রিয়ায় নয়, বিদেশি কোম্পানি নিয়োগ করা হবে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান)’ শীর্ষক বিশেষ আইনের আওতায়।
সম্প্রতি সমুদ্রবক্ষের পাঁচটি ব্লকও বিশেষ আইনের আওতায় বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত এখন বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে।
অবশ্য স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানি নিয়োগ করার জন্য পেট্রোবাংলা উৎপাদন অংশীদারত্ব চুক্তির (পিএসসি) একটি মডেল চূড়ান্ত করেছে। এই পিএসসির ভিত্তিতে আলাপ-আলোচনার (নেগোসিয়েশন) মাধ্যমে বিভিন্ন ব্লক বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পেট্রোবাংলার সূত্র প্রথম আলোকে বলেছে, চূড়ান্ত করা পিএসসিতে প্রতি ইউনিট (এক হাজার ঘনফুট) গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৯০ মার্কিন ডলার। তেল-গ্যাস পাওয়া গেলে বিদেশি কোম্পানি তাদের বিনিয়োগ করা অর্থ তুলে নেওয়ার পর্যায়ে (কস্ট রিকভারি পিরিয়ড) উত্তোলিত গ্যাসের সর্বোচ্চ ৫৫ শতাংশ পাবে। এই পিএসসিতে কোম্পানিগুলোকেই আয়কর পরিশোধ করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। তবে যেহেতু বিশেষ আইনের আওতায় আলাপ-আলোচনার মাধ্যমে ব্লক ইজারা দেওয়া হবে, সেহেতু পিএসসির এসব বিধান পরিবর্তন হতে পারে।
দেশের স্থলভাগের ২৮টি ব্লকের অধিকাংশ এলাকা এখন পর্যন্ত তেল-গ্যাস অনুসন্ধানের বাইরে রয়েছে। বর্তমানে পিএসসির অধীনে যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরন তিনটি এবং ক্রিস এনার্জি ও নাইকো রিসোর্সেস যৌথভাবে একটি ব্লকে কর্মরত আছে। বাপেক্স এখনো দুটি ব্লক ও ১৭টি নির্ধারিত স্থানে (রিং ফেঞ্চ এরিয়া) তেল-গ্যাস অনুসন্ধান করছে। তবে গত ২৯ জুন সরকার বাপেক্সের জন্য আরও সাতটি ব্লক বরাদ্দ করেছে।
বর্তমানে বিদেশি কোম্পানির চারটি এবং বাপেক্সের জন্য বরাদ্দ সাতটি ব্লক এবং নির্ধারিত এলাকার বাইরে ১৭টি ব্লকেই কেবল বিদেশি কোম্পানি অনুসন্ধানের সুযোগ পাবে। বিশেষ আইনের আওতায় বিদেশি কোম্পানি নিয়োগের বিষয়ে সূত্রগুলো বলছে, প্রচলিত বিডিং পদ্ধতিতে অনেক সময় লাগে। তা ছাড়া কোম্পানিগুলোর অংশগ্রহণ নিয়েও একটি অনিশ্চয়তা থাকে। সে জন্য বিশেষ আইনের সহায়তা নেওয়া হচ্ছে।
স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিশেষ আইনের আওতায় বিদেশি কোম্পানি নিয়োগ করার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরূল ইমাম প্রথম আলোকে বলেন, তিনি মনে করেন, স্থলভাগে বিদেশি কোম্পানিকে আনার দরকার নেই। বাপেক্সকে শক্তভাবে স্থলভাগে অনুসন্ধানকাজে লাগানো উচিত। সে জন্য বাপেক্সকে সক্ষম করে তোলা এবং প্রয়োজনীয় সহায়তা সরকারের দেওয়া প্রয়োজন।
ওই বিশেষ আইনটি ২০১০ সালে জাতীয় সংসদে পাস হয়। প্রথমে আইনটির মেয়াদ নির্ধারণ করা হয়েছিল তিন বছর। পরে একাধিকবার সংশোধনীর মাধ্যমে ২০২০ সাল পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়। তীব্র বিদ্যুৎ-সংকটের আশু সমাধানের জন্য এই আইনের আওতায় ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। তেল-গ্যাস অনুসন্ধানে এই আইনের প্রয়োগ এবারই প্রথম।
বাপেক্স বর্তমানে ৮ ও ১১ নম্বর ব্লকে কাজ করছে। সম্প্রতি নতুন যে সাতটি ব্লক বাপেক্সকে বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ৩-বি, ৬-বি, ৭, ১০, ১৫, ২২-এ এবং ২২-বি। এ ছাড়া ভোলার শাহবাজপুর, পাবনার মোবারকপুর, নোয়াখালীর সুন্দলপুর ও বেগমগঞ্জ, নেত্রকোনা-সুনামগঞ্জের সুনেত্র এবং নতুন দুটিসহ ১৯টি নির্দিষ্ট (রিং ফেঞ্জ) এলাকা বাপেক্সের জন্য বরাদ্দ রয়েছে। বিদেশি কোম্পানির মধ্যে শেভরন কাজ করছে বৃহত্তর সিলেটের ১২, ১৩ ও ১৪ নম্বর ব্লকে। আর ক্রিস-নাইকো কাজ করছে ৯ নম্বর ব্লকে।