বাপেক্সকে অভিনন্দন জানিয়েছে সংসদীয় কমিটি
স্থলভাগে বাপেক্সের মাধ্যমে গ্যাস অনুসন্ধান ও আহরণের সুপারিশ
নোয়াখালীর সুন্দলপুরে গ্যাস আবিষ্কারের কৃতিত্বের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিকে (বাপেক্স) অভিনন্দন জানিয়েছে বিদ্যু ৎ , জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।একই সঙ্গে বাপেক্সকে আরও শক্তিশালী করে দেশের স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধান ও আহরণের কাজ তাদের মাধ্যমেই করার সুপারিশ করেছে কমিটি। তবে সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান ও আহরণে দেশীয় কোম্পানির সক্ষমতা অর্জিত না হওয়া পর্যন্ত বিদেশি কোম্পানির মাধ্যমেই করার সুপারিশ করা হয়।গতকাল বুধবার সকালে সংসদ ভবনে বিদ্যু ৎ , জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, আব্দুস শহীদ, আবদুল কাদের খান ও আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব যোগ দেন।সভায় দেশ ও জাতির কল্যাণে আরও নতুন নতুন ক্ষেত্র আবিষ্কারের প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করা হয়, যাতে দ্রুততম সময়ে দেশে গ্যাসের সংকট দূর করা সম্ভব হয়। সভায় এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাসকূপ থেকে কম সময়ের মধ্যে পাইপলাইনে গ্যাস দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ারও সুপারিশ করা হয়।সভায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) কর্তৃক মহেশখালী-আনোয়ারা ৩০ ইঞ্চি ব্যাসের ৯১ কিলোমিটার, জালালাবাদ-বিবিয়ানা ২৪ ইঞ্চি ব্যাসের ৬১ কিলোমিটার, বিবিয়ানা-ধনুয়া ৩৬ ইঞ্চি ব্যাসের ১৩৮ কিলোমিটার এবং আশুগঞ্জ-বাখরাবাদ ‘গ্যাস ট্রান্সমিশন ক্যাপাসিটি এক্সটেনশন’ পাইপলাইনের কাজ শেষ করতে বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য মন্ত্রণালয়কে বলা হয়। সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং এনার্জি রেগুলেটরি কমিশনের জন্য একটি সমন্বিত নীতিমালা দ্রুত প্রণয়নের সুপারিশ করা হয়। সভায় আগামী ২২ সেপ্টেম্বর সংসদীয় কমিটির বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।বিদ্যু ৎ বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।