স্থলভাগের উদ্ধারকাজের সমাপ্তি, পুকুর সেচের দাবি এলাকাবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাট জংশনে উড়ালসড়কের তিনটি গার্ডার ধসে পড়ার ঘটনায় স্থলভাগে উদ্ধারকাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে একটানা ৮৪ ঘণ্টার উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করা হয়।গত শনিবার সন্ধ্যায় বহদ্দারহাট জংশনে গার্ডার ধসে ১২ জন মারা যায়। এ ছাড়া আরও ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। উড়ালসড়কের তিনটি গার্ডারের মধ্যে দুটি স্থলভাগে ও আরেকটি আছড়ে পড়ে পাশের পুকুরে। পুকুরে সেনা, নৌ ও ফায়ার সার্ভিস নানাভাবে তল্লাশি করে আর কোনো লাশ নেই বলে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করে। এলাকাবাসী বলেন, গার্ডারের নিচে আরও লাশ থাকতে পারে। তাই তাঁরা পুকুর সেচের দাবি জানান।উদ্ধারকাজে নিয়োজিত সেনাবাহিনীর কর্নেল নাঈম আশফাক প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিটি গার্ডার টুকরো টুকরো করে দেখেছি। আর কোনো লাশ নেই। পুকুরে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যৌথভাবে তল্লাশি করে আর কোনো লাশ পাইনি। তবু এলাকাবাসীর দাবি, পুকুর সেচে দেখা হোক আর কোনো লাশ আছে কি না। এ বিষয়ে সিদ্ধান্ত দেবে জেলা প্রশাসক। আমরা স্থলভাগের উদ্ধারকাজ শেষ করেছি।’গতকাল বিকেলে জেলা প্রশাসক মো. আবদুল মান্নান স্থানীয় লোকজনের সঙ্গে পুকুরপাড়ে বৈঠক করেন। তিনি পুকুর না সেচার পক্ষে যুক্তি দিয়ে বলেন, পুকুরে একাধিকবার ডুবুরি নামানো হয়েছে। তাঁরাও মরদেহ উদ্ধার করেছেন। নদীতেও লঞ্চডুবির ঘটনা ঘটে। তাই বলে তো নদী সেচে পানি সরানো হয় না। তা ছাড়া মরদেহের জন্য কেউ দাবিও করেনি। তখন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হাসান বলেন, এলাকাবাসী চান, পুকুরটি সেচে দেখা হোক। জেলা প্রশাসক তখন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে এলাকাবাসীকে দুই দিন সময় দেন।এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ছাড়াও এলাকাবাসীর পক্ষে সাবেক ওয়ার্ড কমিশনার নুরুল হুদা ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রতিনিধিদের মধ্যে ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ। বৈঠকে জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, প্রায় দুই একর আয়তনের পুকুরটিতে বর্তমানে চার কোটি সাত লাখ গ্যালন পানি রয়েছে, যা তুলতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।উড়ালসড়কের গার্ডার ভেঙে হতাহতের ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে শুলকবহর এলাকায় মানববন্ধন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান প্রমুখ। তাঁরা এ ঘটনার জন্য সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার অভিযোগ আনেন এবং দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।বিএনপি প্রথমে বহদ্দারহাট মোড়ে মানববন্ধন করার চেষ্টা চালায়। কিন্তু পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর তারা শুলকবহরে গিয়ে কর্মসূচি পালন করে।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কার্যালয়ে চেয়ারম্যানের উপস্থিতি: শনিবার গার্ডার ধসের পর গতকাল বিকেলে প্রথমবারের মতো সিডিএ ভবনে যান চেয়ারম্যান আবদুচ ছালাম। তিনি কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করেন। এরপর দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করেন। সন্ধ্যা নাগাদ তিনি কার্যালয়ে অবস্থান করছিলেন।