যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গতকাল ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ভারত থেকে বিদ্যুৎ ক্রয় এবং দুই দেশের মধ্যে স্থলসীমান্ত চুক্তিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। খবর ইউএনবির।
প্রধানমন্ত্রীর গণমাধ্যম উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী জানান, নিউইয়র্কে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনার বিস্তারিত তুলে ধরবেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে স্থানীয় সময় গতকাল বিকেলে ওই সংবাদ সম্মেলন হওয়ার কথা।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো শ্রী মোহাম্মদ নাজিব বিন তুন আবদুল রাজাকের সঙ্গেও গতকাল একই স্থানে বৈঠক করেন শেখ হাসিনা। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র-প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা। আজ তিনি ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছাড়তে পারেন।