স্থলসীমান্ত চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক আলোচনা সভায় বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, এই চুক্তির আওতা অনুযায়ী ছিটমহলের প্রায় ৭৮ হাজার মানুষের পুনর্বাসনসহ আনুষঙ্গিক কাজ যথাযথভাবে দ্রুত করতে হবে। এ জন্য দুই দেশকেই যথাযথ ভূমিকা পালন করতে হবে।
জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার সম্মিলিত নাগরিক সমাজ ‘বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বিল পাস এবং...’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন।
সভাপতির বক্তব্যে সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, এই চুক্তি নিঃসন্দেহে একটা মাইলফলক। এতে বাংলাদেশ ও ভারত দুই দেশই লাভবান হবে। এখন ওই ছিটমহলগুলোর ৭৮ হাজার মানুষ যে দেশে যেতে চায়, সেটা করতে হবে। চুক্তির পর সীমান্তে যৌথ টহলের ব্যবস্থা করার ওপর গুরুত্ব আরোপ করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, এই চুক্তি উভয় দেশের জন্য মঙ্গলজনক। এটা দুই দেশের সম্পর্ক উন্নয়নের ভিত্তি হবে। এই চুক্তির বিল নিয়ে ভারতীয় পার্লামেন্টে সব দলের ঐকমত্যের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘জাতীয় ইস্যুতে যে একমত হওয়া যায়, ভারত সেটা দেখিয়েছে। এ থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে।’
সম্মিলিত নাগরিক সমাজের সাধারণ সম্পাদক ম. হামিদের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী, সাংবাদিক হারুন হাবীব প্রমুখ।