স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানের জন্য ভারতীয় সংবিধান সংশোধনের প্রস্তাব এনেছে মনমোহন সিংয়ের সরকার। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গতকাল বৃহস্পতিবার ভারতীয় লোকসভার বাজেট অধিবেশনের উদ্বোধনী দিনে দেওয়া বক্তৃতায় এ প্রস্তাব আনেন।ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই গতকাল এ খবর জানায়। ভারতীয় এক কূটনীতিক গতকাল প্রথম আলোকে জানিয়েছেন, ভারতীয় লোকসভার বাজেট অধিবেশন আগামী মে মাসে শেষ হবে। সম্প্রতি ঢাকা সফরের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ জানিয়েছেন, সীমান্ত সমস্যা সুরাহার জন্য লোকসভার বাজেট অধিবেশনে সংবিধান সংশোধনের প্রস্তাব আনা হবে। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তাঁর বক্তৃতায় বলেন, ‘আমার সরকার বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি এবং এ-সংক্রান্ত ২০১১ সালের প্রটোকল বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনী বিল সংসদে উত্থাপন করছে, যার ফলে আমাদের সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা সুদৃঢ় হবে।’ প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ছিটমহল ও অপদখলীয় ভূমি হস্তান্তরের বিষয়টি সমাধানের লক্ষ্যে ১৩ ফেব্রুয়ারি ভারতের মন্ত্রিসভা সংবিধান সংশোধনী বিলটি অনুমোদন করে। সংবিধান সংশোধনীর এ বিলটি পাস হলে দুই প্রতিবেশী দেশের চার দশকের অনিষ্পন্ন বিষয়ের সুরাহা হবে। ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকলটি সই হয়। প্রটোকল অনুযায়ী, বাংলাদেশে থাকা ভারতের ১১১টি ছিটমহল (যার মোট আয়তন ১৭,১৫৮.১৩ একর) বাংলাদেশের হবে। আর ভারতে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল (যার মোট আয়তন ৭,১১০.০২ একর) ভারতের হবে। অন্যদিকে, ভারতের অপদখলে থাকা বাংলাদেশের ৩,৫০৬.০১ একর জমি এবং বাংলাদেশের অপদখলে থাকা ভারতের ৩,০২৪.১৬ একর জমি হস্তান্তর করা হবে। এ ছাড়া অচিহ্নিত সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করা হবে।