বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তিতে সমর্থন দিয়ে ‘বিচক্ষণতার’ পরিচয় দেওয়ার জন্য সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। অনুসমর্থনের জন্য দেশটির পার্লামেন্টের চলতি অধিবেশনেই চুক্তিটি উত্থাপন করা হতে পারে বলে আশা করা হচ্ছে।গতকাল শুক্রবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন মনমোহন। তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি উপায় হিসেবে বাংলাদেশ সফরের সময় আমি যে স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষর করেছি, তা সমর্থন দেওয়ার ক্ষেত্রে সংসদের এই এবং অপর কক্ষকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে।’তবে দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জানিয়ে দিয়েছে, স্থলসীমান্ত চুক্তিতে তারা সমর্থন দেবে না। কেননা, দলটি মনে করে, এতে করে ভারতের অখণ্ডতার সঙ্গে আপস করা হবে।ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাম্প্রতিক বাংলাদেশ সফরের বিষয়টি উল্লেখ করে মনমোহন সিং রাজ্যসভায় জানান, বাংলাদেশের মানুষ ও সরকার তাঁকে (রাষ্ট্রপতি) খুবই আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। মনমোহন বলেন, ‘আমি আশা করব, স্থলসীমান্ত চুক্তি সমর্থনের ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলো একই বিচক্ষণতার পরিচয় দেবে।’ এই চুক্তির ফলে দুই দেশের সীমান্ত এলাকার শান্তি নিশ্চিত করবে এবং দুই দেশের শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী।স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থনের লক্ষ্যে সংবিধান সংশোধন বিলে গত মাসে অনুমোদন দেয় ভারতের মন্ত্রিসভা। আশা করা হচ্ছে, দেশটির পার্লামেন্টের চলমান বাজেট অধিবেশনেই বিলটি উত্থাপন করা হবে। পিটিআই।