বাংলাদেশ ও ভারত ১১ মাসে ধাপে ধাপে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন করবে। আগামী ৩১ জুলাই থেকে ২০১৬ সালের ৩০ জুনের মধ্যে ওই চুক্তি বাস্তবায়িত হবে। গতকাল শনিবার ভারতের দ্য হিন্দু অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৬ ও ৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় দুই দেশের পররাষ্ট্রসচিবদের মধ্যে বিনিময় হওয়া চিঠিতে ওই ১১ মাসে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শেষ করার কথা উল্লেখ রয়েছে। এই প্রক্রিয়ার মধ্যে বাস্তবিকভাবে ছিটমহল ও ভূমি বিনিময় এবং সীমানা চিহ্নিতকরণ বিষয়গুলো রয়েছে।
প্রতিবেদনে ৩১ জুলাইকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন উল্লেখ করে একে ‘শুরুর দিন’ বলে অভিহিত করা হয়েছে। ৩১ জুলাই মধ্যরাতের মধ্যে দুই দেশ ছিটমহলগুলো পরস্পরের কাছে হস্তান্তর করবে। স্থানীয় মানচিত্র হস্তান্তরসহ বিভিন্ন প্রক্রিয়া শেষে আগামী বছরের ৩০ জুনের মধ্যে চূড়ান্তভাবে সীমানা নির্ধারণ করবে দুই দেশের জরিপ বিভাগ। আর ‘শুরুর দিনের মধ্যে’ দুই দেশের প্রতিনিধি পর্যায়ে বর্তমান মানচিত্র বিনিময় করবে।
প্রতিবেদনে বলা হয়, উভয় সরকার ছিটমহলবাসীর জন্য ‘সুবিন্যস্ত নিরাপদ পথ’ তৈরি করে দেবে, যাতে তাঁরা ভ্রমণের সঠিক কাগজপত্র নিয়ে ‘নিজেদের মালামালসহ’ ভারত বা বাংলাদেশে ঢুকতে পারেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এমন পথ করে দিতে হবে দুই দেশের সরকারকে।
দুই পররাষ্ট্রসচিবের বিনিয়ম করা চিঠিতে ‘প্রবেশ/বাহির হওয়ার পথ ভারতের হলদিবাড়ি এবং বাংলাদেশের বাংলাবান্ধা ও বুড়িমারী’ আন্তর্জাতিক সীমান্তে হবে বলে উল্লেখ করা হয়েছে।