বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেছেন, ভারতীয় সংসদে সীমান্ত বিল অনুমোদিত হওয়ার মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ মৈত্রীতে যে নতুন দিক উন্মোচিত হয়েছে তা এই দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করবে।
গতকাল সোমবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে পঙ্কজ সরনকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক শুধু সরকারের ওপর নির্ভরশীল নয়। এ সম্পর্ক দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। রেজিস্ট্রার মুহাম্মদ এন্তাজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র, ঢাকায় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি সুমিত চতুর্বেদিসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনারকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।
দুই দেশের সক্রিয় উদ্যোগে সীমান্ত চুক্তি সফলতার মুখ দেখেছে উল্লেখ করে পঙ্কজ সরন তাঁর বক্তব্যে বলেন, তিস্তা চুক্তিসহ দ্বিপক্ষীয় অন্যান্য বিষয়েও কার্যকর সমাধানে ভারত আশাবাদী। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সমস্যা একই ধরনের। তাই আমাদের একসঙ্গে এসবের সমাধান খুঁজতে হবে। উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির ধারক হওয়ায় দুই দেশের মধ্যে পারস্পরিক আদান-প্রদান অত্যন্ত কার্যকর ও গুরুত্বপূর্ণ।
পরে হাইকমিশনার নাট্যকলা এবং সংগীত বিভাগ পরিদর্শন করেন। এ বিভাগে শিক্ষা উপকরণ প্রদানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা কার্যক্রমে ভারতীয় হাইকমিশনের সহযোগিতা এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পঙ্কজ সরনকে এ সম্মাননা দেওয়া হয়।