স্থান জটিলতায় মামলা নিচ্ছে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে রীনা বেগম (২২) নামের এক গৃহবধূর শরীরে স্বামী আগুন দিলেও স্থান জটিলতায় এক মাস পার হলেও মামলা নিচ্ছে না পুলিশ। ওই আগুনে রীনার শরীরের প্রায় অর্ধেক পুড়ে গেছে। এদিকে রীনার পরিবার দরিদ্র হওয়ায় অর্থের অভাবে তাঁর চিকিৎসাও করাতে পারছে না।

এ ঘটনার বিচার ও চিকিৎসায় সহায়তা পেতে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ গত শনিবার দুপুরে রীনাকে নিয়ে পঞ্চগড় প্রেসক্লাবে আসেন। এ সময় রীনার মা জহুরা বেগম তাঁর মেয়ের ওপর চলা বর্বরোচিত ঘটনার বিচার ও তাঁর মেয়ের চিকিৎসার ব্যয়ভার সরকারিভাবে বহনেরও দাবি জানান।

জহুরা লিখিত বক্তব্যে বলেন, সদর উপজেলার কানাপাড়া জুগিভিটা গ্রামের আবু আলম হাই হেলালের ছেলে সাদ্দাম হোসেনের (২৭) সঙ্গে ২০১৪ সালের জানুয়ারি মাসে রীনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকাসক্ত সাদ্দাম এক লাখ টাকা যৌতুকের জন্য চাপ দেন। দিন দিন ওই টাকার জন্য চাপের মাত্রা বাড়তে থাকে। একপর্যায়ে রীনাকে চাকরি দেওয়ার কথা বলে ঢাকায় নিয়ে আসেন সাদ্দাম। এ সময় রীনাকে অসামাজিক কাজে যুক্ত হতে বলেন সাদ্দাম। কিন্তু এ প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১১ জুন রীনার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন সাদ্দাম। এতে মুহূর্তেই রীনার শরীরের অর্ধেক ঝলসে যায়। এ সময় রীনা আগুন থেকে বাঁচতে বাথরুমে ঢুকলে সাদ্দাম বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। একপর্যায়ে স্ত্রীকে মৃত ভেবে সাদ্দাম পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন রীনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন। এখানে চিকিৎসার একপর্যায়ে রীনা তাঁকে (জহুরা) মুঠোফোনে ঘটনাটি জানালে পরিবারের লোকজন রীনাকে ৭ জুলাই পঞ্চগড়ে নিয়ে আসেন। গত শনিবার রীনাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের জন্য এক মাস ধরে আদালত ও পুলিশের কাছে ধরনা দেন জহুরা। কিন্তু ঘটনার স্থান জটিলতায় পুলিশ মামলা নেয়নি। একই কারণে মামলা নেননি আদালত।

আদালতে সরকারপক্ষের আইনজীবী আমিনুর রহমান বলেন, ‘ঘটনা যে এলাকায় ঘটেছে, সেই থানা বা আদালতে মামলা করতে হবে, তবেই রীনা সঠিক বিচার পাবেন।’

তবে জহুরা বলেন, ‘ঢাকায় গিয়ে মামলা করার সামর্থ্য আমার নেই। টাকার অভাবে মেয়ের চিকিৎসাও করাতে পারছি না। জানি না কপালে কী আছে?’

ঘটনার পর থেকে সাদ্দাম পলাতক। এ ব্যাপারে জানতে সাদ্দামের বাবা আবু আলম হাই হেলালের সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হননি।