স্থান নির্ধারণ নিয়ে অনৈক্য, উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স ভবন নির্মাণে স্থান নির্বাচন নিয়ে এলাকাবাসী বিভক্ত হয়ে পড়েছেন।

অভিযোগ উঠেছে, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম কৌশলে নিজ বাড়ির পাশে ওই ভবন নির্মাণের পরিকল্পনা করছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০১১ সালে পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ গঠনে পরিপত্র জারি করে। ২০১২ সালের ১৬ অক্টোবর ইউপি নির্বাচন হয়। এতে সাইফুল ইসলাম ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণে স্থান নির্বাচনের জন্য ডিসির কাছে চিঠি দেয়। ডিসি ভবন নির্মাণে প্রয়োজনীয় জমি চেয়ে চেয়ারম্যানের কাছে চিঠি দেন। চেয়ারম্যান খড়রিয়া মৌজার ৯৩৭৬ খতিয়ানের ১০৪৬৬, ১০৪৬৮, ১০৪৭০ নম্বর দাগের ২৬ শতাংশ জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র ডিসির কার্যালয়ে জমা দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসক আনন্দ কুমার বিশ্বাসের নেতৃত্বে একটি দল ওই জায়গা পরিদর্শনে যায়। এ সময় বিষয়টি এলাকায় জানাজানি হয়। পরে এলাকাবাসী তদন্ত কমিটির কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। এ বিষয়ে আনন্দ কুমার বিশ্বাসের একটি তদন্ত প্রতিবেদন ডিসির কাছে জমা দেওয়ার কথা রয়েছে।

ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাখাওয়াত হোসেন ও এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, পরিষদের কমপ্লেক্স ভবন নির্মাণের ব্যাপারে ইউপি চেয়ারম্যান কোনো সভা ডাকেননি। নিজের বাড়ির পাশে ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়ের চাহিদানুযায়ী গোপনে প্রয়োজনীয় সব কাগজপত্র ডিসি কার্যালয়ে জমা দিয়েছেন। ভবন নির্মাণের ব্যাপারে চেয়ারম্যানের এ ধরনের কাজের জন্য এলাকায় দুই দফায় সংঘর্ষ হয়েছে। এখনো উত্তেজনা বিরাজ করছে।

ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাফ্ফর ফারাজি বলেন, পরিষদের ভবনটি ইউনিয়নের মাঝখানে হলে ভালো হয়। চেয়ারম্যান ভবন নির্মাণের জন্য যে স্থানটি বেছে নিয়েছেন, তা ঠিক হয়নি।

ইউপি চেয়ারম্যান সাইফুল দাবি করেন, পরিষদে সভা করেই কমপ্লেক্স ভবন নির্মাণের স্থান নির্বাচন করা হয়েছে।

এ ব্যাপারে জানতে অতিরিক্ত জেলা প্রশাসক আনন্দ কুমার বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে এ ব্যাপারে ডিসি কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অফিস সহকারী মো. আলীমুজ্জামান বলেন, আনন্দ কুমার বিশ্বাস এখনো তদন্ত প্রতিবেদন ডিসির কাছে জমা দেননি। তিনি প্রশিক্ষণের জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।