প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দরের জায়গা নির্বাচনের জন্য সংক্ষিপ্ত তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ঢাকাকে প্রাচ্য ও পাশ্চাত্য বিমান চলাচলের হাব (যোগাযোগের বড় কেন্দ্র) হিসেবে গড়ে তোলার জন্য এই বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারি দলের সাংসদ গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে গতকাল বুধবার প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পের সম্ভাব্য সমীক্ষা চালানোর জন্য গত বছরের ২১ সেপ্টেম্বর জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কই কোম্পানির সঙ্গে চুক্তি সই হয়েছে এবং ১ অক্টোবর থেকে তারা কাজ শুরু করে। তারা জরিপ শেষে জায়গা নির্বাচনের জন্য সংক্ষিপ্ত তালিকা তৈরির কাজ করছে। সংক্ষিপ্ত তালিকা থেকে একটি জায়গাকে চূড়ান্ত করা হবে। এ ছাড়া দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য বাগেরহাটে খান জাহান আলী বিমানবন্দর নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে বিমানবন্দর নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছে।
জাতীয় পার্টির রওশন আরা মান্নানের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে বর্তমানে জাতীয় সংসদের স্পিকার একজন নারী। সংসদ নেতা, উপনেতা ও বিরোধীদলীয় নেতা হিসেবে নারীরা দায়িত্ব পালন করছেন। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৫ জন নারী আছেন। নারীদের মধ্যে প্রশাসনে বর্তমানে দুজন জ্যেষ্ঠ সচিব, ৭ জন সচিব ও ৭৮ জন অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনে প্রথমবারের মতো একজন নারী কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে।