সিলেটে রাগীব আলী ও তাঁর ছেলেমেয়েসহ ছয়জনের বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান দখল করে হাজার কোটি টাকা আত্মসাৎ মামলা স্থানান্তর আবেদন শুনানি শেষে খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল বুধবার সিলেটের মহানগর দায়রা জজ আদালতে মামলা স্থানান্তরের শুনানি শেষে বিচারক আকবর হোসেন মৃধা এক আদেশে মামলা স্থানান্তরের আবেদন খারিজ করে দেন।
মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফুর আলী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
১৫ ফেব্রুয়ারি মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করে আজ বৃহস্পতিবার যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করেন। ওই দিন রাগীব আলীর পক্ষের আইনজীবীরা মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের আবেদন করলে গতকাল শুনানির তারিখ ধার্য ছিল। মহানগর বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান বলেন, মহানগর দায়রা জজ আদালতে এ-সংক্রান্ত শুনানি শেষে মামলা স্থানান্তর আবেদন খারিজ হওয়ায় আজ বৃহস্পতিবার যথারীতি মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতে যুক্তিতর্ক সম্পন্ন হবে।
আদালত সূত্র জানায়, ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে সরকারের হাজার কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে পৃথক দুটি মামলা করেন সিলেটের কোতোয়ালি থানায়। উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘদিন মামলা দুটির কার্যক্রম স্থগিত ছিল।