স্থানান্তরে ব্যর্থ ট্যানারি মালিকদের প্লট বাতিলের দাবি করেছে পবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানান্তরে ব্যর্থ ট্যানারি মালিকদের প্লট বাতিল করে জরিমানা আদায়ের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। গতকাল শনিবার রাজধানীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় পরিবেশবাদী সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বলা হয়, হাজারীবাগের ট্যানারিগুলো দীর্ঘ ৬৫ বছর বুড়িগঙ্গা নদী দূষণ করে যাচ্ছে। মৎস্য ও জলজ প্রাণীর বিলুপ্তসহ বুড়িগঙ্গার পানি শিল্প, কৃষি, গৃহস্থালি কাজে এবং পরিশোধন করেও খাওয়ার পানি হিসেবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তাই রাষ্ট্রের আইন ও সরকারের নির্দেশ অমান্য করে চলা হাজারীবাগের ট্যানারিগুলো বন্ধ করা ও সাভারে স্থানান্তরে ব্যর্থ কারখানাগুলোর প্লট বাতিল করে পরিবেশদূষণের দায়ে মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করতে হবে। পরিবেশগত ক্ষতিপূরণ বাবদ আড়াই হাজার কোটি টাকা আদায়ের দাবি জানায় সংগঠনটি। পাশাপাশি সাভারের চামড়া শিল্পনগরী এলাকায় স্থাপনাসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ, পানি এবং গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার দাবি জানানো হয়।
মূল বক্তব্যে বলা হয়, হাজারীবাগের ট্যানারিগুলো সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের জন্য একাধিকবার সময়সীমা বেঁধে দেওয়া হলেও তা কার্যকর হয়নি। ট্যানারি স্থানান্তরের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে কোনো একটি অদৃশ্য শক্তি এখানে তৎপর।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন পবার সাধারণ সম্পাদক মো. আবদুস সোবহান। এ সময় আরও উপস্থিত ছিলেন পবার সম্পাদক তারিক হাসান, সমন্বয়কারী আতিক মোরশেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।