স্থানান্তরের প্রতিবাদে ঘেরাও হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রূপালী ব্যাংকের পোড়াবাড়ী শাখা অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে এবং বন্ধ করে দেওয়া এই শাখার কার্যক্রম আবার চালুর দাবিতে এলাকাবাসী গতকাল সোমবার হরতাল পালন করেছে।হরতালের সময় দুপুরে একটি মিছিল পোড়াবাড়ী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে পোড়াবাড়ী-ত্রিশাল সড়ক অবরোধ করা হয়। হরতালের সমর্থনে পোড়াবাড়ী বাজার এলাকার সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও স্কুল-কলেজ বন্ধ থাকে।ব্যাংকের শাখাটি ফুলবাড়িয়া উপজেলায় স্থানান্তর করা হচ্ছে, এই খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার থেকেই এলাকাবাসী ব্যাংক ভবনটি ঘেরাও করে রেখেছে। ব্যাংকের কোনো মালামাল স্থানান্তর করতে দেওয়া হচ্ছে না।এলাকাবাসীর অনেকে জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে পোড়াবাড়ী বাজারে রূপালী ব্যাংকের কার্যালয়ে গত বুধবার তালা ঝুলিয়ে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। সামনে টাঙানো একটি বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ‘ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে’। এ খবর জানাজানি হওয়ার পর কয়েক হাজার গ্রাহক ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিকার থেকে ব্যাংকের ভবনটি ঘেরাও করে রাখে। পাশাপাশি মিছিল, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানায় তারা।এর আগে রোববার বাজারে মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তৃতা করেন মঠবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন, ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলীর ইউপির চেয়ারম্যান সাইফুজ্জামান, পোড়াবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দাম, ব্যবসায়ী আ. কদ্দুছ, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম খান, আজাহারুল ইসলাম প্রমুখ। অবিনাশ চন্দ্র দাম জানান, ১৯৭৭ সালে পোড়াবাড়ী বাজারে রূপালী ব্যাংকের এই শাখা প্রতিষ্ঠিত হয়। ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে এই শাখায় গ্রাহকসংখ্যা দাঁড়ায় প্রায় পাঁচ হাজারে। এ এলাকায় অন্য কোনো ব্যাংক না থাকায় এই শাখা সরিয়ে নিলে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হবে। রূপালী ব্যাংক পোড়াবাড়ী শাখার ব্যবস্থাপক রমজান আলী বলেন, ‘এলাকাবাসী কেন হরতাল, সমাবেশ ও মিছিল করছে, তা বলতে পারছি না। আগেই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে এ শাখা স্থানান্তরের বিষয়ে গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়েছে।’রূপালী ব্যাংকের ত্রিশাল সদর শাখার ব্যবস্থাপক আবদুস সালাম জানান, ব্যাংকের পোড়াবাড়ী শাখাটি ক্রমাগত লোকসান দিয়ে যাচ্ছে। সে জন্য শাখাটি ফুলবাড়িয়ায় স্থানান্তর করা হয়েছে। এরই মধ্যে ফুলবাড়িয়া শাখার কার্যক্রম শুরু হয়েছে। এখন এখানকার হিসাবগুলো সেখানে স্থানান্তর করা হবে।