স্থানীয় ও জাতীয় ইস্যু কাজে লাগাতে চান মনিরুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সদ্য বিদায়ী মেয়র তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে জিততে স্থানীয় বিভিন্ন ইস্যুর সঙ্গে জাতীয় ইস্যুগুলোকে কাজে লাগাতে চান জাতীয়তাবাদী নাগরিক ফোরামের প্রার্থী ও দল থেকে সদ্য পদত্যাগী বিএনপির নেতা মেয়র পদপ্রার্থী মো. মনিরুজ্জামান। মেয়র পদে বিএনপির তিনজন নেতা প্রার্থী হিসেবে থাকলেও মূলত মনিরুজ্জামানের নির্বাচনী তৎপরতাই চোখে পড়ছে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, প্রার্থী এবং সাংসদের সঙ্গে কথা বলে তাঁদের এই মনোভাবের কথা জানা যায়। তাঁদের মতে, মেয়র হওয়ার পর খালেকের ‘অস্বাভাবিক’ আয় বৃদ্ধি, নগরের রাস্তাঘাটের দুরবস্থা, পানীয় জলের সরবরাহ, সন্ত্রাস, মশার উৎপাতের মতো স্থানীয় বিষয়গুলো বিদায়ী এই মেয়রের বিরুদ্ধে ইস্যু হিসেবে ব্যবহার করা যাবে। এর সঙ্গে জাতীয় পর্যায়ে বিভিন্ন ইস্যুগুলোকে কাজে লাগাতে হবে।মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামান অভিযোগ করেন, নগরের বেশির ভাগ সড়ক চলাচলের অনুপযোগী। পানীয় জলের সমস্যা মেটেনি। হয়নি জলাবদ্ধতার অবসান। নগর বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বলেন, মশার উৎপাত বেড়েছে। সন্ত্রাসও আগের চেয়ে বেড়েছে। অভিযোগের জবাবে আবদুল খালেক বলেন, ‘নগরের সব রাস্তা ঠিক করে ফেলেছি, সে দাবি করব না। কিন্তু যা করেছি তা এযাবৎকালে আর হয়নি।’