
স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি স্তরে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া এবং তার মধ্য দিয়ে নির্বাচন করা জরুরি। এ ক্ষেত্রে আইনও সংশোধন করা উচিত।
গতকাল বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে একজন সাংসদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলো নির্দলীয়ভাবে হয়ে থাকে। এখানে দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যখন হিসাব করা হয়, তখন দলের নামেই হিসাব করা হয়। কোন দল কতটাতে হারল; কতটাতে জিতল; কোন দল কতটা সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পেল—এভাবেই হিসাব করা হয়। পত্রপত্রিকাগুলোও সেভাবে লেখে। আবার এখানে একটা জবাবদিহির বিষয়ও আছে। যদি দলীয় নিয়ন্ত্রণ থাকে, তাহলে একজন নির্বাচিত প্রতিনিধি কী কী কাজ করছেন, তা নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু তাঁদের যেহেতু দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয় না, সেহেতু তাঁরা খারাপ কোনো কাজ করলেও ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না। অথচ বদনামটা দলের নামেই চলে আসে। সে হিসেবে এই নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের মতো দলীয়ভাবে মনোনয়ন দিয়ে দলীয়ভাবেই হওয়া উচিত।
অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) নির্বাচন করবে কি করবে না, সেই দ্বিধাদ্বন্দ্বে কিছুদিন ভুগেছে। নির্বাচনে আসার মধ্য দিয়ে বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা সিটি করপোরেশনে প্রার্থী দিয়েছে। এখন আবার নির্বাচনে আসার পর পিছু হটার ছুতায় লেভেল প্লেয়িং ফিল্ডের সুর তোলে। তাহলে কীভাবে লেভেল প্লেয়িং ফিল্ড হবে, সেটা বোধগম্য নয়।