স্থানীয় সরকারে ব্যবসায়ীদের প্রাধান্য বাড়ছে: সুজন
সর্বশেষ চার সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ১৫৯ জন জনপ্রতিনিধির মধ্যে প্রায়
৬৫ শতাংশই ব্যবসায়ী। এর মধ্যে চারজন মেয়রই ব্যবসায়ী। আর নারী কাউন্সিলর বাদ দিলে নির্বাচিত
ব্যক্তিদের মধ্যে ব্যবসায়ীর সংখ্যা ৮৪ শতাংশ।
গতকাল শনিবার ‘চার সিটি করপোরেশন নির্বাচনে কারা নির্বাচিত হলেন এবং গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে
কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন’ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে নাগরিক সংগঠন সুশাসনের জন্য
নাগরিক (সুজন)। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চার সিটি নির্বাচনের জয়ী ও
আসন্ন গাজীপুর সিটি নির্বাচনের প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণ করে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে ব্যবসায়ীদের প্রাধান্য বাড়ছে। ২০১১ সালের
পৌরসভা নির্বাচনে নির্বাচিত কাউন্সিলরদের ৮০ শতাংশ ছিলেন ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার। নির্বাচনে
ব্যবসায়ীদের প্রাধান্য সম্পর্কে তিনি বলেন, গণতন্ত্রে সবার প্রতিনিধিত্ব থাকতে হবে। এভাবে একটি সম্প্রদায়
(ব্যবসায়ী) যদি সব ক্ষেত্রে থাকে, তবে সিদ্ধান্ত গ্রহণে ব্যবসায়ীদের স্বার্থকেই প্রাধান্য দেওয়ার প্রবণতা থাকে।
নির্বাচিত ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতার প্রশ্নে বলা হয়, ওয়ার্ড কাউন্সিলরদের ৫১ শতাংশের শিক্ষাগত যোগ্যতা
এসএসসি বা তার নিচে। সংরক্ষিত আসনে নারী কাউন্সিলরদের শিক্ষাগত যোগ্যতা আরও কম। ৬৪ শতাংশের
শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তার নিচে।
গাজীপুর সিটি নির্বাচনের প্রার্থীদের বিষয়ে বলা হয়, মেয়র পদপ্রার্থীদের সাতজনের মধ্যে চারজনই উচ্চশিক্ষিত।
তবে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৪৬ শতাংশের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। সংরক্ষিত আসনের নারী
কাউন্সিলর প্রার্থীদের অধিকাংশের শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা তার নিচে। সাতজন মেয়র প্রার্থীর মধ্যে
পাঁচজনই ব্যবসায়ী। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ব্যবসায়ীর সংখ্যা ৭০ শতাংশ।
গাজীপুরে মেয়র প্রার্থীদের মধ্যে চারজনই ঋণগ্রহীতা। এর মধ্যে প্রার্থী এম এ মান্নানের ঋণ সর্বোচ্চ, চার কোটি
২৩ লাখ টাকার বেশি।
সংবাদ সম্মেলনে লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, গণতন্ত্রকে জবাবদিহিমূলক করার স্বার্থেই এসব
তথ্য তুলে ধরা হচ্ছে। যেসব প্রার্থী জনগণকে এসব তথ্য জানানোর প্রক্রিয়াকে ভালোভাবে গ্রহণ করতে চান না,
ধরে নিতে হবে তাঁদের মধ্যে গলদ আছে। তিনি বলেন, রাজনীতিকে দুর্নীতিমুক্ত করতে হলে প্রার্থীদের সম্পর্কে
বিভিন্ন তথ্যের নির্মোহ বিশ্লেষণ দরকার।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী, বাংলাদেশ পরিবেশ
আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক
জাকির হোসেন প্রমুখ।