স্থানীয় সরকারের কাজ আইনে অনেক, বাস্তবে কম
আইনে স্থানীয় সরকারপ্রতিষ্ঠানগুলোকে স্থানীয় পর্যায়ের সরকারি ও সামাজিক প্রায় সব কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে যাঁরা এই প্রতিষ্ঠানগুলো চালান, তাঁরা হাতে গোনা কয়েকটি কাজ করেন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন—সব পর্যায়ে চিত্র একই।
স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, আইন অনুযায়ী যে কাজগুলো স্থানীয় সরকারপ্রতিষ্ঠানসমূহের করার কথা, তা আদৌ করা হচ্ছে কি না, তা-ও সরকার কখনো দেখে না। তা ছাড়া কাজগুলো করার জন্য বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকারপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক সামর্থ্য গড়ে তোলার কোনো পদক্ষেপও কখনো নেওয়া হয়নি।
আবার বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকারপ্রতিষ্ঠানগুলোর জন্য নয়টি আলাদা আইন আছে। এসব আইনের একটির সঙ্গে আরেকটির কিছু অসামঞ্জস্যও আছে। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, আইনগুলো সামঞ্জস্যপূর্ণ করার কোনো উদ্যোগ সরকার কখনো নেয়নি।
ইউনিয়ন পরিষদ: ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ অনুযায়ী, এই পরিষদের জন্য নির্ধারিত কাজ প্রায় ১১০টি। এর মধ্যে রয়েছে এক বছর ও পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা। এ ছাড়া ইউনিয়নের আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, খাল-নদী-জলাশয় রক্ষা, দখল-দূষণ রোধ, নারী উন্নয়ন, নারীর প্রতি সহিংসতা রোধ, শিক্ষা বিস্তার, স্বাস্থ্য উন্নয়ন, বিচার-সালিস, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, তার সঙ্গে সমন্বয় করে পরিষদের পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন প্রভৃতি।
বাস্তবে তাঁরা হাতে গোনা কয়েকটি কাজ করে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: কাবিখা, কাবিটার আওতায় কিছু অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন; পরিষদের জন্য রাজস্ব সংগ্রহ, জন্ম-মৃত্যু নিবন্ধন, প্রত্যয়নপত্র প্রদান, কিছু আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বিচার-সালিস এবং এলাকার বিভিন্ন জনগোষ্ঠীর চাহিদা অনুযায়ী কিছু কাজ ও তাদের উৎসব-অনুষ্ঠানে অংশগ্রহণ।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পরিষদকে এক বছর ও পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দেওয়ার উদ্দ্যেশ ছিল, কেন্দ্রীয় সরকারের বার্ষিক ও পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে যেন স্থানীয় সরকারের উন্নয়ন পরিকল্পনার মিল থাকে, যাতে সারা দেশের উন্নয়ন কার্যক্রম সমন্বিত হয়। কিন্তু প্রায় কোনো ইউনিয়ন পরিষদই এই পরিকল্পনা করে না। এটা করার মতো সক্ষমতাও অধিকাংশ পরিষদের নেই। ফলে উন্নয়নকাজ হয় এলোমেলোভাবে।
রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন পরিষদের কাছে মূলত ৩৯টি কাজ আছে। কিন্তু আমরা মূলত উন্নয়নমূলক কাজ করি। টিআর, কাবিখা, এলজিএসপির কাজ করি। বয়স্ক ভাতা, বিধবা ভাতাধারী নির্বাচন করি। গ্রাম আদালত পরিচালনা করি। বিভিন্ন সনদ দিই।’ বাকি কাজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সব কাজ আমরা করতে পারি না। আমাদের ক্ষমতা ও আর্থিক সীমাবদ্ধতা আছে। আবার সরকারের নীতিগত কিছু বিষয় থাকে। ক্ষমতাসীন দলের প্রভাবও অনেক সময় সমস্যা তৈরি করে।’
উপজেলা পরিষদ: উপজেলা পরিষদের জন্য ৩১টি কাজ আইনগতভাবে নির্ধারণ করা আছে। কিন্তু বাস্তবে এই পরিষদের কাজ খুবই সীমিত।
উপজেলা পরিষদের কাজ সম্পর্কে জানতে চাইলে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রথম আলোকে বলেন, তাঁদের প্রধান কাজ হচ্ছে দুজন কর্মচারীর বেতন-ভাতায় সই করা এবং বছরে দু-একবার টিআর-কাবিখার কোনো বরাদ্দ সরকার দিলে তা বিতরণ করা। এ ছাড়া উপজেলা পরিষদের রাজস্ব উদ্বৃত্ত থাকলে তা দিয়ে কিছু উন্নয়নকাজ করা।
সরকার অবশ্য স্থানীয় পর্যায়ের ১৭টি দপ্তর বা বিভাগের কাজ উপজেলা পরিষদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। তবে এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। জানতে চাইলে যশোরের ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা বলেন, গত অক্টোবর মাসের মধ্যভাগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁরা শুনেছেন। কিন্তু গতকাল পর্যন্ত এ-সংক্রান্ত কোনো আদেশ বা পরিপত্র তাঁরা পাননি।
জেলা পরিষদ: জেলা পরিষদের (তিন পার্বত্য জেলা ছাড়া) জন্য নির্ধারিত কাজ রয়েছে ৬৩টি। কিন্তু উপজেলা পরিষদের মতো তারাও এডিপিভুক্ত কিছু উন্নয়নকাজ ছাড়া দৃশ্যমান আর কোনো কাজ করে না। জেলা পরিষদের এই কাজও দৃশ্যমান হয়েছে প্রশাসক নিয়োগের পর থেকে।
পরিষদের কাজ সম্পর্কে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এম এনামুল করিম ইমন বলেন, রাজস্ব আদায় ও বৃদ্ধির উদ্যোগ নেওয়া, এডিবিভুক্ত উন্নয়নকাজসহ কয়েকটি কাজই মূলত দৃশ্যমান। এর বাইরে যে কেউ চাইলে এই অবস্থানকে কাজে লাগিয়ে সমাজের নানা সেবামূলক কাজ করতে পারেন। তবে তিনি বলেন, জেলা পরিষদের বড় সমস্যা লোকবল। নির্বাচন না হওয়ায় এখনো পরিষদই গঠন করা হয়নি। আবার জেলা পরিষদ আইনের ২৭/২ ধারা অনুযায়ী, জেলার সব উন্নয়ন কর্মকাণ্ড তত্ত্বাবধান করার দায়িত্ব পরিষদের। কিন্তু প্রশাসকের অবস্থান পরিষ্কার না হওয়ায় এ কাজে জটিলতা আছে। সবার সহায়তা পাওয়া সব সময় সহজ হয় না।
পৌরসভা: পৌরসভার জন্য আইনে নির্ধারিত কাজের সংখ্যা ১৭২টি। কিন্তু পরিচ্ছন্নতা, রাস্তার বাতি ঠিকঠাক রাখা, নতুন রাস্তা তৈরি এবং পুরোনো রাস্তা মেরামত-রক্ষণাবেক্ষণসহ কিছু অবকাঠামো উন্নয়ন, নর্দমা পরিষ্কার, জন্ম-মৃত্যু নিবন্ধন ও কিছু প্রত্যয়নপত্র দেওয়া, টিআর-কাবিখা বিতরণের মধ্যেই তাদের কাজ সীমাবদ্ধ।
আইনে নির্ধারিত কাজ ও বাস্তবতা সম্পর্কে জানতে চাইলে ঝালকাঠি পৌরসভার চেয়ারম্যান আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, পৌরসভাকে প্রকৃতই জনসেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হলে আইনে নির্ধারিত সব কাজই করা দরকার। কিন্তু এ কাজ করার জন্য পৌরসভার যে ক্ষমতায়ন ও অর্থের সংস্থান প্রয়োজন, সে ক্ষেত্রে বিশাল ঘাটতি আছে। ফলে পৌরসভা সীমিত কিছু কাজের মধ্যেই ঘুরপাক খায়।
সিটি করপোরেশন: আইনে সিটি করপোরেশনের জন্য ১৬০টি কাজ নির্ধারণ করা আছে। কিন্তু তারাও অনেকটা বৃহত্তর পরিসরে পৌরসভার কাজগুলোই করে থাকে। বড় শহরগুলোতে সিটি করপোরেশনের কাজে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়হীনতার অভিযোগ অতি পুরোনো।
পার্বত্য জেলা পরিষদ: তিন পার্বত্য জেলা পরিষদ শুরু থেকেই অনির্বাচিত। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ পরিষদও নেই। যখন যে সরকার ক্ষমতায় থাকে, তারা নিজেদের পছন্দমতো চেয়ারম্যান ও সর্বোচ্চ পাঁচজন মনোনীত সদস্য দিয়ে কাজ চালিয়েছে। ফলে এই প্রতিষ্ঠানও পার্বত্য জনগণের আস্থাভাজন হয়ে উঠতে পারেনি।
স্থানীয় সরকারপ্রতিষ্ঠানগুলোর জন্য আইনে নির্ধারিত কাজ ও বাস্তবের মধ্যে এই দুস্তর ব্যবধানের কারণ জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার বলেন, সংবিধানের ৫৯ (২ গ) অনুচ্ছেদ অনুযায়ী, স্থানীয় পর্যায়ের জনকল্যাণমূলক ও অর্থনৈতিক উন্নয়নের সব কাজ করার কথা স্থানীয় সরকারের। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পয়োনিষ্কাশন, নারীর ক্ষমতায়ন প্রভৃতি কাজও এর অন্তর্ভুক্ত। কিন্তু সরকার তথা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো স্থানীয় সরকারপ্রতিষ্ঠানগুলোকে পাশ কাটিয়ে নিজেদের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় এসব কাজ করে থাকে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের কাছে সরকারের কোনো কোনো বিভাগের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার কথা। কিছু কিছু আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করাও হয়েছে, কিন্তু বাস্তবে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণেই রয়ে গেছে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জন্য আলাদা নয়টি আইন হচ্ছে—ইউনিয়ন পরিষদ আইন, গ্রাম আদালত আইন, পৌরসভা আইন, উপজেলা পরিষদ আইন, জেলা পরিষদ আইন, সিটি করপোরেশন আইন এবং তিন পার্বত্য জেলার জন্য তিনটি জেলা পরিষদ আইন।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকেও স্থানীয় সরকারের একটি স্তর বলে অনেকে মনে করেন। এর জন্য আলাদা একটি আইনও রয়েছে। তবে সরকারিভাবে এই আঞ্চলিক পরিষদকে স্থানীয় সরকারপ্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করা হয়নি। আবার এর মর্যাদাও (স্ট্যাটাস) স্পষ্ট করা হয়নি।
জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার আইনগুলোর মধ্যে শুধু ইউনিয়ন পরিষদ আইনটি স্বয়ংসম্পূর্ণ। অন্যগুলোতে অসামঞ্জস্য আছে, যা প্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু কর্মকাণ্ডের জন্য দূর করা জরুরি। সম্ভাব্য ক্ষেত্রে আইনগুলো একীভূত করা এবং সবগুলো আইন সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি আইনগতভাবে দায়িত্ব দেওয়া কাজগুলো যাতে স্থানীয় সরকারপ্রতিষ্ঠানসমূহ করতে পারে, সে জন্য তাদের ক্ষমতায়ন প্রয়োজন।