বিদেশে আহত শ্রমিকের ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ
স্থানীয় অভিভাবকের মালামাল ক্রোকের নির্দেশ আদালতের
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুর্ঘটনায় আহত ফরিদপুরের সালথার নির্মাণশ্রমিক বিশু মাতুব্বরকে দেওয়া ক্ষতিপূরণের টাকা আত্মসাতের মামলায় আলীম মাতুব্বরের গ্রামের বাড়ির মালামাল ক্রোকের আদেশ দিয়েছেন ফরিদপুরের একটি আদালত। আলীম ওই দেশে বিশুর স্থানীয় অভিভাবক হিসেবে ক্ষতিপূরণের ৪৩ লাখ টাকা তুলে নেন বলে অভিযোগ উঠেছে।
ফরিদপুরের তিন নম্বর আমলি আদালতের বিচারক মোরশেদ ইমতিয়াজ গত বৃহস্পতিবার আলীমের বাড়ির মালামাল ক্রোকের আদেশ দেন। বিশুকে আইনি সহায়তা দিচ্ছেন মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) ফরিদপুরের আইনজীবীরা।
ফরিদপুরে ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী জানান, সালথা উপজেলার বিভাগদী গ্রামের বিশু দুবাইয়ে একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিন বছর আগে কর্মরত অবস্থায় বিশুর ওপর লিফট ছিঁড়ে পড়লে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে
বিশুর শরীরের নিচের অংশ অবশ হয়ে যায়। এ ঘটনায় বিশু আইনজীবীর মাধ্যমে ওই দেশের শ্রম আদালতে ক্ষতিপূরণের দাবিতে মামলা করেন।