স্থানীয় উদ্যোক্তাদের জন্য মেলা হলেও তাঁদেরই পণ্য নেই
নকশাকেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়া উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সৃষ্টিতে সহায়তার জন্য জেলা পর্যায়ে ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলার আয়োজন করে ঠাকুরগাঁওয়ের শিল্প সহায়ক কেন্দ্র বিসিক। কিন্তু সেই ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলায় স্থানীয় উদ্যোক্তাদেরই পণ্যের প্রদর্শন নেই।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার চত্বরে শুরু হয় বিসিক আয়োজিত সাত দিনব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। মেলা উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান মো. হযরত আলী।
গতকাল বিকেলে মেলায় গিয়ে দেখা যায়, দর্শক-ক্রেতাদের স্বাগত জানাতে তৈরি করা হয়েছে তোরণ। মাঠের চারদিক ঘিরে রয়েছে সারি সারি ৪৮টি স্টল। স্টলে রয়েছে চারটি তৈরি পোশাক, কম্বল, গৃহস্থালির পণ্য, খেলনা, জুতা-স্যান্ডেল, আচার ও খাবারের পণ্য। স্টলগুলোতে স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বলতে অনন্যা হস্তশিল্পের তৈরি পোশাক ও থ্রি স্টার ফ্লাওয়ার মিলের আটা-ময়দা ছাড়া তেমন কোনো পণ্য দেখা যায়নি।
ঠাকুরগাঁও বিসিকের উপব্যবস্থাপক এ কে এম আসাদুল ইসলাম বলেন, ‘আমরা এবার শুরু করেছি। এ আয়োজন থেকে শিক্ষাগুলো কাজে লাগিয়ে পরের মেলায় স্টলগুলো স্থানীয় উদ্যোক্তাদের পণ্যে সাজাতে উদ্যোগ নেওয়া হবে। তবে এ আয়োজন যে সফল হচ্ছে না, তা বলা যাবে না। অন্য সব জেলার পণ্য দেখে এখানের উদ্যোক্তারা উদ্বুদ্ধ করতে পারেন।’