স্থানীয় জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা পরিষদ আইনের এই সংশোধনী অনুমোদন করেছে মন্ত্রিসভা, যা খুব শিগগির অধ্যাদেশ আকারে জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ১২০তম বৈঠকে ২০০০ সালের এই আইনের সংশোধনী অনুমোদন পায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে সচিবালয়ে এ-সংক্রান্ত ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
সচিব বলেন, নির্বাচকমণ্ডলীর মাধ্যমে জেলা পরিষদ গঠন করা হবে। স্থানীয় পর্যায়ের সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত সব প্রতিনিধির সমন্বয়ে (মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর, ইউপি সদস্য, সংরক্ষিত সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান) ইলেকটোরাল কলেজ গঠিত হবে। এই কলেজই জেলা পরিষদের ২১ সদস্যের প্রতিনিধি নির্বাচিত করবে। এর মধ্যে একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও পাঁচজন সংরক্ষিত সদস্য থাকবেন।
সচিব বলেন, নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করবে। নির্বাচনী আচরণবিধি কেউ লঙ্ঘন করলে ছয় মাস কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া যাবে। আগে এই আইনে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড ছিল।
মোহাম্মদ শফিউল আলম বলেন, জেলা পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে পরিষদের সদস্য বা সরকার-মনোনীত যে কেউ এ দায়িত্ব পালন করতে পারবেন। তবে চেয়ারম্যানের অনুপস্থিতিতে সরকার কত দিনের জন্য অন্য কাউকে চেয়ারম্যানের দায়িত্বে বসাতে পারবে, সে বিষয়ে খসড়ায় কিছু নেই।
সংশোধিত আইনে ফৌজদারি মামলায় জেলা পরিষদ চেয়ারম্যান বা কোনো সদস্য গ্রেপ্তার হলে অথবা তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলে তাঁকে সাময়িক বরখাস্ত করার বিধান রাখা হয়েছে। মূল আইনে সাময়িক বরখাস্তের বিধান ছিল না।
সচিব বলেন, সংসদ অধিবেশন চলমান না থাকায় ‘জরুরি বিবেচনায়’ আপাতত অধ্যাদেশ আকারে এই সংশোধিত আইন জারি করা হবে। জেলা পরিষদের জনপ্রতিনিধিদের শপথের সময় পরিচিতির জন্য পিতা বা স্বামীর নামের সঙ্গে মায়ের নাম যোগ করার কথাও সংশোধিত আইনের খসড়ায় বলা হয়েছে।
মূল আইনে জেলা পরিষদ নির্বাচনের বিধি প্রণয়নের ক্ষমতা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হাতে ছিল। সংশোধিত আইনের প্রস্তাবে তা নির্বাচন কমিশনের হাতে দেওয়ার কথা বলা হয়েছে। তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। তাঁদের মেয়াদপূর্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে জেলা পরিষদ নির্বাচন হবে কি না—এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকার ও নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
গতকালের বৈঠকে সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার (এসটিপি) খসড়া অনুমোদন হয়। এই পরিকল্পনার মেয়াদ ২০১৫ থেকে ২০৩৫ সাল পর্যন্ত। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগ ২০ বছর মেয়াদি একটি পরিবহন পরিকল্পনা পেশ করেছে। মাস র্যাপিড ট্রানজিট (এমআরটি), বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি), আউটার রিং রোড, ছয়টি এক্সপ্রেসওয়ে, ২১টি টার্মিনাল এবং ঢাকার চারপাশে সার্কুলার ওয়াটারওয়ে করার প্রস্তাব করা হয়েছে ওই পরিকল্পনায়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, পরিকল্পনায় যান চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করার পর মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত একটি নতুন মহাসড়ক নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এমআরটি লাইন নির্মাণের আগেই বালু নদের পূর্বাঞ্চল থেকে ঢাকা বাইপাস সড়কের পশ্চিমাঞ্চল পর্যন্ত সড়ক নির্মাণের পরামর্শ দেওয়া হয়েছে।
বৈঠকের শুরুতে বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এ এফ এম মোহিতুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাবেক উপপরিচালক এবং একুশে পদক বিজয়ী কবি ও সাহিত্যিক শহীদ কাদরীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।