স্থানীয় জাতের মাছ সংরক্ষণে আগ্রহী হতে হবে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ  l ছবি: ফোকাস বাংলা
অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ l ছবি: ফোকাস বাংলা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশের জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় স্থানীয় মাছের বিভিন্ন জাত সংরক্ষণ ও চাষে জনগণকে আগ্রহী হতে হবে।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ পালন উপলক্ষে গতকাল রোববার বঙ্গভবনের দরবার হলে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘স্থানীয় জাতের মাছের উৎপাদন কমে যাচ্ছে এবং কিছু জাতের মাছ বিলোপ হতে যাচ্ছে। এ জন্য জীববৈচিত্র্য বজায় রাখতে হলে আমাদের অবশ্যই স্থানীয় জাতের মাছের বিভিন্ন প্রজাতি আবাদ ও সুরক্ষায় জনগণকে আগ্রহী করে তোলার পদক্ষেপ নিতে হবে।’
মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি মৎস্য উৎপাদন ও সংরক্ষণে সংশ্লিষ্ট বিভিন্ন আইন যথাযথ বাস্তবায়নের পরামর্শ দেন এবং জনগণকে বিশেষ করে মাছ উৎপাদনকারী ও ব্যবসায়ীদের এসব আইন সম্পর্কে সচেতন করে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। মাছ উৎপাদন জোরদারে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সব স্টেকহোল্ডার এবং স্বেচ্ছাকৃত ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি কার্যক্রম গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি বলেন, ‘দেশের বিপুল জলজ সম্পদের যথাযথ ব্যবস্থাপনা এবং মাছ উৎপাদন জোরদারের দায়িত্ব শুধু সরকারের একার নয়। মৎস্য খাত প্রাণিজ প্রোটিনের চাহিদার ৬০ ভাগ পূরণ করছে। এমনকি দেশের জনসংখ্যার ১১ শতাংশ এই খাতে জীবিকা নির্বাহ করছে। পরে রাষ্ট্রপতি বঙ্গভবনের পুকুরে মাছ অবমুক্ত করেন।