স্থানীয় নির্বাচন এখন দলীয়তে পরিণত হয়েছে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলগুলো যে ভূমিকা রাখছে, তাতে নির্বাচনটি দলীয় নির্বাচনেই পরিণত হয়েছে।’ এ নির্বাচনকে নির্দলীয় করার কোনো মানে নেই বলে তিনি মন্তব্য করেন।

আজ বুধবার সিলেট নগরের কবি নজরুল মিলনায়তনে অর্থমন্ত্রীকে সংবর্ধনা দেয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সীমান্তিক’। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
উপজেলা পরিষদ নির্বাচনে এ পর্যন্ত দলীয় প্রার্থীদের পরাজয় সম্পর্কে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কোন্দলের কারণে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হয়েছে।’
বিএনপির সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে অর্থমন্ত্রী, ‘সরকার পতনের আন্দোলন বিএনপির মুখে মানায় না। বিএনপির অতীত আন্দোলনের রেকর্ড অনুযায়ী সকল আন্দোলনই ব্যর্থ হয়েছে। তাঁদের মুখে কিসের আন্দোলন।’
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমান্তিকের প্রতিষ্ঠাতা ও রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে জনহপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ এইচ বাকী। অন্যদের মধ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহিদউল্লাহ তালুকদার, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান প্রমুখ উপস্থিত ছিলেন।