ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন দলীয়ভাবে করার পরিকল্পনা আপাতত সরকারের নেই। গতকাল মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
এ-সম্পর্কিত প্রশ্নে সরকারি দলের সাংসদ এম আবদুল লতিফ জানতে চান, ভবিষ্যতে স্থানীয় সরকার পর্যায়ের সব নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠানের পদক্ষেপ গ্রহণ করা হবে কি না।
এর আগে সোমবার রাজধানীর মিরপুরের গোলারটেক মাঠে মিরপুর, শাহ আলী ও দারুস সালাম থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ বলেছিলেন, যারা স্থানীয় সরকার নির্বাচনকে নির্দলীয় রাখতে চান, তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন না। দলীয় সমর্থনে নির্বাচন হলে স্থানীয় সরকার শক্তিশালী করা সম্ভব। তিনি সে সময় আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় সরকার আইন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আইনটি সংশোধনের জন্য সংসদে একটি বিল উত্থাপন করা হবে।
ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন কবে হবে—জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমানের এ প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সিটি করপোরেশন নির্বাচনী আইন অনুসারে সিটির নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশন আইন অনুসারে সিটি মেয়র ও কাউন্সিলর নির্বাচন আয়োজন করবে।
স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিমের লিখিত প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, মশা নিধনে এ বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরাদ্দ ১৪ কোটি ৫০ লাখ টাকা এবং উত্তর সিটির বাজেট নয় কোটি টাকা।
এ কে এম মাইদুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক জানান, জেলা পরিষদ আইন অনুযায়ী সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা পরিষদ নির্বাচনের সময়সীমা নির্ধারণ করবে। কিন্তু সরকার এখনো সেই প্রজ্ঞাপন জারি করেনি বিধায় নির্বাচন হচ্ছে না।
প্রশ্নোত্তরের আগে বিকেল পাঁচটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
পরে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় তাজুল ইসলাম স্বাস্থ্য খাতে নানা অনিয়মের কথা তুলে ধরেন। স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এর জবাবে বলেন, ভুয়া ডায়াগনস্টিক সেন্টার খুঁজে বের করে ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসক-সংকট মোকাবিলায় দুই মাসের মধ্যে বিসিএস পরীক্ষার মাধ্যমে আরও ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।