যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন না হলে অনির্বাচিত সরকারের আগমনের আশঙ্কা তৈরি হয় বলে রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন। তাঁদের মতে, পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে প্রশাসনের সর্বস্তরে নির্বাচিত প্রতিনিধিদের শাসন কায়েম করতে হবে।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র সংহতকরণ ও স্থানীয় সরকার নির্বাচন’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।সুজনের সভাপতি মোজাফ্ফর আহমদ বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়া দরকার। এ ক্ষেত্রে যেসব আইনি সমস্যা রয়েছে, তা দূর করতে হবে। তিনি গণতন্ত্র সুসংহত করার জন্য সংসদের পিটিশন কমিটিসহ অন্যান্য কমিটিকে কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করেন।ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যথাসময়ে নির্বাচন করতে না পারলে, তা সরকারকে দুর্বল প্রমাণিত করে। বর্তমান ও অতীতে সব সরকারই যথাসময়ে স্থানীয় নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে আরেকটি ট্র্যাজিক ডে যাতে না আসে, সে জন্য আশা করি বর্তমান সরকার দ্রুত স্থানীয় নির্বাচনের আয়োজন করবে।’ তিনি বলেন, ‘খুনি, চোর, বাটপারও সরকারের কাছে চিঠি লিখতে পারে। কিন্তু আমাদের উপজেলা চেয়ারম্যানরা সাংসদের অনুমতি ছাড়া সরকারের কাছে চিঠি লিখতে পারবেন না।’দুর্বল স্থানীয় শাসনব্যবস্থার জন্য আমলাদের দায়ী করে মোজাম্মেল হক বলেন, ‘আমলারা হলো হাঁস। পানি থেকে উঠে গা ঝাড়া দিলেই পানি সরে যায়। অবসরে যাওয়ার পর তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনা যায় না।’স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, দেশের কেন্দ্রীয় সরকার হয়ে গেছে স্থানীয় সরকার। সত্যিকারের স্থানীয় সরকার বিলোপ হয়ে যাচ্ছে। তিনি বলেন, সাংসদদের মনোযোগ চলে যাচ্ছে স্থানীয় সরকারের দিকে। এ নিয়ে মাঠপর্যায়ে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তা থেকে উদ্ধার পাওয়া দুষ্কর।কলাম লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, কেন্দ্রীয় সরকার নিজের স্বার্থে স্থানীয় সরকারকে কুক্ষিগত করে রাখতে চায়। অথচ স্থানীয় সরকার শক্তিশালী হলে দেশে ইভ টিজিং থাকত না। বিদেশিদের কাছ থেকে সাহায্যের নামে ভিক্ষা নিতে হতো না।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেন, যত দিন পর্যন্ত ক্ষমতাসীন দলের জেতার সম্ভাবনা তৈরি না হবে, তত দিন পর্যন্ত এই সরকার স্থানীয় নির্বাচন দেবে না। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভাগবাটোয়ারার বিষয় আছে। সে জন্য সরকার একে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় না।’আলোচনা অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান। লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে ক্ষমতায় এলেও স্থানীয় সরকার নির্বাচন না করে জনগণের সঙ্গে এক ধরনের প্রহসনে লিপ্ত হয়েছে। তাদের কাছে গণতন্ত্র স্লোগান মাত্র।