স্থানীয় নির্বাচনে টাকার খেলা ও পেশিশক্তির মহড়া বন্ধ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার নির্বাচনে টাকার খেলা, পেশিশক্তি ও রাজনৈতিক শক্তির মহড়া বন্ধ করা হবে। এ জন্য কাজ করছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার সকালে বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট গ্রামের লুটন ব্রিটিশ বাংলাদেশি হেল্পিং হ্যান্ড উচ্চবিদ্যালয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। নির্বাচন কমিশনার জানান, এসব বন্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালায় কিছু পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। সেগুলোর মধ্যে আছে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব প্রদান এবং পোস্টার ছাপানো, দেয়াল লিখন, আনুষ্ঠানিক সভা, মিছিল বন্ধ করা। এসব প্রস্তাব বিধিমালায় সংযুক্ত হলে নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহি আসবে। তিনি বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের চিন্তা করা হচ্ছে। এতে ব্যালট পেপার ও ব্যালট বাক্সের প্রয়োজন ফুরাবে; ভোট কাটা ও কেন্দ্র দখল বন্ধ হবে।সাখাওয়াত হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিস্তারের কোনো অভিযোগ পাওয়া গেলে সেখানে নির্বাচন বন্ধ রাখা হবে। এরপর তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। উপজেলা নির্বাচনে অংশ নেওয়া দেড় হাজার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল না করায় মামলা হয়েছে। তিনি বলেন, সরকার নির্বাচন কমিশনের কোনো কর্মকাণ্ডে হস্তক্ষেপ করছে না। এই সরকারের মন্ত্রী-সাংসদদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং হচ্ছে। সভায় খুলনা বিভাগীয় উপনির্বাচন কমিশনার বিভোর কুমার বিশ্বাস, বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।