স্থানীয় নির্বাচনে দলীয় অভিযোগ গুরুত্বপূর্ণ নয়: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ বলেছেন, উপজেলা নির্বাচন একটি স্থানীয় পর্যায়ের নির্বাচন। এটি দলীয় কোনো নির্বাচন নয়। অতএব এখানে কোনো দলীয় অভিযোগ গুরুত্বপূর্ণ নয়। তবে প্রার্থীর অভিযোগই কমিশনের কাছে গ্রহণযোগ্য এবং ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে।

তিনি আজ বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, পূর্ণাঙ্গ ফলাফল না জেনে কত শতাংশ ভোটার এ নির্বাচনে ভোট দিয়েছেন, তা বলা সম্ভব নয়।

তিনি বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চতুর্থ উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

সিইসি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে ৯৭ উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেছেন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও নির্বাচন সম্পূর্ণরূপে অবাধ ও গ্রহণযোগ্য হয়েছে।