স্থানীয় পর্যটনকে হস্তান্তরের চুক্তি অগ্রহণযোগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ‘পর্যটনশিল্পকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করা হলে আমাদের ভয়ানক পরিণতির দিকে নিক্ষেপ করা হবে। গত ২৮ আগস্ট সরকার স্থানীয় পর্যটনকে যে চুক্তির ভিত্তিতে তিন পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তর করেছে, তা অগ্রহণযোগ্য। এ চুক্তিতে সরকার পার্বত্য জেলা পরিষদকে কিছুই দেয়নি।’
গতকাল বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ স্কিল ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রোডাক্টিভিটি (বিএসইপি) প্রকল্পের যৌথ উদ্যোগে ‘পর্যটন ও আসবাবপত্র শিল্পে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সন্তু লারমা এসব কথা বলেন।
সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সন্তু লারমা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সেনাবাহিনী, জেলা প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ সবাই পর্যটন করতে চায় তার মূল কারণ ব্যবসা এবং অর্থ। কিন্তু পর্যটনশিল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন রোধ ও প্রকৃতিকে রক্ষা করাসহ স্থানীয় ঐতিহ্য ও জীবনযাত্রা বহির্বিশ্বে তুলে ধরার কোনো উদ্যোগ নেওয়া হয় না।
বিশেষ অতিথির বক্তব্যে আইএলওর উপপরিচালক গগন রাজভান্ডারি বলেন, ‘আমরা সদস্যদেশগুলোতে দক্ষ কর্মী ও সুষ্ঠু কাজের পরিবেশ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বড় কোনো প্রতিশ্রুতি নেই। কী করা হলে এখানে পর্যটন ও আসবাবপত্র শিল্পে দক্ষ শ্রমিক ও ব্যবস্থাপনা গড়ে তোলা যায়, তা কর্মশালার মাধ্যমে আপনারাই ঠিক করবেন। পরবর্তী সময়ে সে অনুযায়ী আমরা সহযোগিতা দেব।’
এ সময় আরও বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন ও বিএসইপি প্রকল্পের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ফ্রান্সিস ডি সিলভা। কর্মশালায় পর্যটনশিল্প-সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং পর্যটন ও আসবাবপত্র শিল্পের উদ্যোক্তারা অংশ নেন।