নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় স্থানীয় প্রশাসনের দেওয়া প্রতিবেদনকে ‘দায়সারা গোছের’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ৮ জুনের মধ্যে স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে সুনির্দিষ্ট ও বিস্তারিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
স্বতঃপ্রণোদিত হয়ে দেওয়া একটি আদেশের ওপর শুনানিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ মন্তব্য করেন। আদালত বলেছেন, পরবর্তী প্রতিবেদন দায়সারা গোছের হলে তা গ্রহণ করা হবে না। যদি নির্দেশ অনুসারে প্রতিবেদন না দেওয়া হয়, তাহলে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদালত কুণ্ঠাবোধ করবেন না।
গতকাল শিক্ষক লাঞ্ছনার ঘটনায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দেওয়া প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন সাজু। একই সঙ্গে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনও আদালতে জমা দেন।
শুনানিতে মোতাহার হোসেন বলেন, ওই ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দিয়ে তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক। পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালকের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করায় জেলা প্রশাসকের তদন্ত কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। মাউশির প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষককে তাঁর পদে পুনর্বহাল ও স্কুলের ব্যবস্থাপনা পর্ষদ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এ সময় আদালত বলেন, ‘আমরা মাউশির প্রতিবেদনের বিষয়বস্তু জানতে চাইনি। আমরা স্থানীয় প্রশাসনের (ডিসি, এসপি, ওসি) কাছে জানতে চেয়েছিলাম আইনগত কী ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এরপর স্থানীয় পুলিশের প্রতিবেদন তুলে ধরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ওই ঘটনায় পুলিশ বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। প্রাথমিকভাবে অপরাধটি অ-আমলযোগ্য মনে হওয়ায় আদালতের অনুমতি চেয়ে আবেদন করা হয়। আদালতের অনুমতি পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। এটি অব্যাহত রয়েছে।
এ সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও আইনজীবী মহসিন রশীদ বলেন, স্থানীয় প্রশাসনের প্রতিবেদনে আদালতের আদেশ উপেক্ষা করা হয়েছে। উচ্চ আদালত আদেশ দিলে তা প্রতিবেদনে প্রতিফলিত হওয়া উচিত। কিন্তু স্থানীয় প্রশাসনের প্রতিবেদনে তা দেখা যাচ্ছে না।
পরে আদালত বলেন, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখার দায়িত্ব জেলা প্রশাসকের। কিন্তু তিনি হাইকোর্টের নির্দেশ অনুসারে আইনগত পদক্ষেপের বিষয়ে প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছেন। এ ধরনের মনোভাব অনুমোদনযোগ্য নয়।
পরে ৮ জুনের মধ্যে পরবর্তী প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়ে আদালত বলেন, কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা হাইকোর্টের নির্দেশনার আলোকে সুনির্দিষ্টভাবে বিস্তারিত জানাতে হবে। ৯ জুন বিষয়টি আবার আদালতের কার্যতালিকায় আসবে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ৮ মে পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে শাসন করার সময় শ্যামল কান্তি ধর্ম সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। পরে ১৩ মে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা চলার সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাঁর শাস্তির দাবিতে লোক জড়ো করা হয়। এরপর উত্তেজিত লোকজন তাঁকে মারধর করে। পরে জাতীয় পার্টির সাংসদ এ কে এম সেলিম ওসমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রধান শিক্ষককে মারধর ও কান ধরে ওঠবস করানো হয়।
গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদন ১৮ মে আদালতের নজরে আনেন আইনজীবী এম কে রহমান ও মহসিন রশীদ। এরপর স্থানীয় সাংসদ সেলিম ওসমানসহ যাঁদের বিরুদ্ধে লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত রুল দেন হাইকোর্ট। বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। আর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তিন দিনের মধ্যে জানাতে নারায়ণগঞ্জের ডিসি, এসপি ও বন্দর থানার ওসিকে নির্দেশ দেন আদালত।
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় হাইকোর্টের দেওয়া রুল শুনানিতে পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল শুনানির একপর্যায়ে সংস্থাটির আইনজীবী আবু ওবায়দুর রহমান এ আবেদন করেন। এ বিষয়ে শুনানির জন্য কাল মঙ্গলবার দিন ধার্য করেন আদালত।