স্থানীয় মাদক চক্রের চারজন জড়িত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক সদরুল নিপুল খুনের ঘটনায় স্থানীয় মাদকচক্রের প্রধানসহ চারজন জড়িত বলে অিভযোগ উঠেছে৷ সদরুলের মৃত্যু নিশ্চিত করার পর খুনের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে লাশ ট্রেনের সামনে ফেলে দেওয়া হয়। হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী দাবি করে স্থানীয় একজনের ভাষ্যে এ রকমই তথ্য মিলেছে।
দৈনিক মাথাভাঙ্গার মোমিনপুর প্রতিনিধি সদরুল নিপুল মঙ্গলবার দিবাগত রাতে নৃশংসভাবে খুন হন৷ পরদিন মোমিনপুর স্টেশনের প্ল্যাটফর্ম ও রেললাইনের ওপর থেকে তাঁর ১০ টুকরা লাশ উদ্ধার করে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে, খুনের আগে সদরুলকে স্টেশনসংলগ্ন আমবাগানে দুই হাত পিঠমোড়া করে বেঁধে রাখা হয়। দুর্বৃত্তরা তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করলে তিনি প্রতিবাদ করেন । এ সময় দুর্বৃত্তদের একজন সদরুলের মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি জখম হন এবং উঠে পালানোর চেষ্টা করেন। এরপর অন্যরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় ও ঘাড়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে তিনি প্ল্যাটফর্মের ওপর আছড়ে পড়েন এবং কিছুক্ষণ পর মারা যান । কিছুক্ষণের মধ্যে একটি ট্রেন এলে সদরুলের লাশ ট্রেনের সামনে ফেলে দেওয়া হয় । এতে লাশ টুকরা টুকরা হয়ে যায়।
ওই প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মোমিনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার শুক্রবার মোমিনপুর রেলস্টেশনে প্রতিবাদ সভায় বলেন, স্টেশনকেিন্দ্রক মাদক সিন্ডিকেটের সদস্যরাই সদরুল নিপুল খুনের ঘটনায় জড়িত। ওই চক্রের অপকর্ম নিয়ে দফায় দফায় খবর প্রকাশ করায় তাঁরা ক্ষুব্ধ হয়ে সদরুলকে খুন করে৷ গোলাম ফারুক প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, সদরুল নিপুল খুনের পর তা আত্মহত্যা বলে চালানোর অপচেষ্টা চালায় ওই মাদকচক্র৷ কিন্তু খুনের বিষয়টি ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠায় মাদকচক্রের প্রধান বোয়ালমারী গ্রামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীরা গা-ঢাকা দিয়েছেন। তিনি বলেন, এসব বিষয় তিনি পুলিশকে জানিয়েছেন৷
সদরুল নিপুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মোনায়েম জানান, তিনি অনেক তথ্য পেয়েছেন৷ সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে অভিযান চলছে৷
আন্দোলন কর্মসূচি: সদরুল নিপুল খুনের ঘটনায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি যৌথভাবে তিন দিনের কর্মসূচি পালন করছে। এদিকে মোমিনপুর বাজার কমিটির আহ্বানে গতকাল শনিবার থেকে তিন দিন সব ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন শুরু হয়েছে৷
সিপিজের বিবৃতি: সদরুল নিপুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)৷ গত শুক্রবার সংগঠনের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়৷ এতে বলা হয়, সাংবাদিক সদরুল হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সরকারের উচিত কার্যকর তদন্ত করা৷