চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতার সামনে সিগারেট খাওয়ার অজুহাতে স্থানীয় এক যুবককে মারধর করেছেন সংগঠনটির একাংশের নেতা-কর্মীরা। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ঝুপড়িতে পুলিশের সামনেই এ ঘটনা ঘটে। এর জের ধরে স্থানীয় লোকজন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ঘণ্টা খানেক যান চলাচল বন্ধ করে দেয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ক্যাম্পাসের পার্শ্ববর্তী ফতেপুর ইউনিয়নের ইয়াছির আরাফাত নামের এক যুবক বিশ্ববিদ্যালয়পড়ুয়া তাঁর বন্ধুর সঙ্গে কলা অনুষদ ঝুপড়ির দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সিগারেট খেতে দেখে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিব হোসেন তাঁদের বাধা দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ের রাকিবের নেতৃত্বে ছাত্রলীগের ১২-১২ জন কর্মী ইয়াছির আরাফাতকে মারধর করেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও শাখা ছাত্রলীগের সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান এসে বিষয়টির তাত্ক্ষণিক সমাধান করেন।এদিকে, ফতেপুর ইউনিয়নে এ খবর জানাজানি হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে বেলা একটার দিকে স্থানীয় লোকজন জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে যান চলাচল বন্ধ করে দেয়। পরে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় এক যুবককে মারধরের খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ছাত্রলীগের সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম ও যুগ্ম সম্পাদক দিয়াজ ইরফান প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে ছাত্রলীগের কোনো শত্রুতা নেই। ভুল-বোঝাবুঝির কারণে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি সাংগঠনিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।