স্থানীয় যুবলীগের হামলায় শিক্ষার্থী আহত, পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার স্থানীয় যুবলীগের হামলায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। এর জের ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে যুবলীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবদুল হালিম, বাসুদেব ও মইনুদ্দিন। এ সময় রাজশাহী মহানগরের ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ওরফে কালুকে নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মেহেরচণ্ডী এলাকার যুবলীগের কর্মী সুমন। ওই মোটরসাইকেলের ধাক্কায় হালিম মাটিতে পড়ে যান। বিষয়টি নিয়ে হালিমের সঙ্গে কালুর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কালু হালিমকে মারধর শুরু করেন। বাসুদেব ও মইনুদ্দিন তাঁকে উদ্ধারে এগিয়ে গেলে কালুর সঙ্গে তাঁদেরও কথাকাটাকাটি হয়। এরই মধ্যে আশপাশে থাকা স্থানীয় যুবলীগের কর্মী সেন্টু, উজ্জ্বল ও আতাউর এসে বাসুদেব ও মইনুদ্দিনকে মারধর করে কালুর নেতৃত্বে চলে যান। পরে সাধারণ শিক্ষার্থীরা ওই তিনজনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে ভর্তি করেন।সাধারণ ছাত্রদের ওপর যুবলীগের হামলার ঘটনা ছড়িয়ে পড়লে মেহেরচণ্ডী এলাকায় বিভিন্ন ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে দফায় দফায় বিক্ষোভ করেন। এ সময় যুবলীগের কর্মীরা লোহার রড, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, স্থানীয় যুবলীগের হামলায় সাধারণ ছাত্র আহত হওয়ার ঘটনা দুঃখজনক। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।এ ব্যাপারে জানার জন্য কালুর সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার জের ধরে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসসহ এর আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।