স্থানীয় লোকজনের বাধায় ফিরে গেল সরকারি জরিপকারী দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ঘোষিত প্যাকেজে জমির দর কম ও পুনর্বাসনের ব্যবস্থা না থাকার অভিযোগে স্থানীয় লোকজন গতকাল রোববার জরিপকারী দলকে বাধা দিয়েছে। বাধার মুখে জরিপকারী দল ফিরে যেতে বাধ্য হয়। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত এলাকার ৬৪৬ একর জমি অধিগ্রহণের জন্য সরকার ওই প্যাকেজ ঘোষণা করে। স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মকবুল হোসেন ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজিব-উল-ফেরদৌসের নেতৃত্বে একটি দল ক্ষতিগ্রস্ত এলাকা জরিপ করতে আসে। জরিপকারী দল বড়পুকুরিয়া বাজার এলাকায় পৌঁছালে ক্ষতিগ্রস্ত শত শত নারী-পুরুষ তাদের বাধা দেয়। বাধার মুখে দুপুরের দিকে তারা ফিরে যায়। যোগাযোগ করা হলে ইউএনও মুজিব-উল-ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘নারী ও শিশুদের সড়কে দাঁড় করে রেখে স্থানীয় লোকজন জরিপকাজে বাধা দিয়েছে। স্থানীয় লোকজন সরকারি প্যাকেজ মানতে রাজি নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।’ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সংগঠন ভূমি ও সম্পদ রক্ষা কমিটির সভাপতি মোখলেছুর রহমান ও সদস্যসচিব আবদুস সামাদ অভিযোগ করেন, জমির দরসহ অন্যান্য বিষয়ে পেট্রোবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা চুক্তি হয়। এতে জমির দর একরপ্রতি গড়ে ৩৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। তাঁরা স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসন করতেও রাজি ছিলেন। কিন্তু প্যাকেজে জমির দর কম ও পুনর্বাসনের বিষয়ে কিছুই উল্লেখ নেই। ক্ষতিগ্রস্ত লোকজনকে পুনর্বাসন ও জমির দর পুনর্নির্ধারণ করা না হলে এলাকায় জরিপ করতে দেওয়া হবে না।ক্ষতিগ্রস্ত বাসিন্দা মশিউর রহমান জানান, গত ২১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের দপ্তর থেকে জমি অধিগ্রহণের জন্য নোটিশ দেওয়া হয়। আপত্তি থাকলে ১৫ দিনের মধ্যে তা জানাতে বলা হয়। ওই নোটিশের জবাবে জমি অধিগ্রহণের আপত্তি জানিয়ে ক্ষতিগ্রস্ত এক হাজার ৫০০ ব্যক্তির স্বাক্ষর নিয়ে তা জেলা প্রশাসকের দপ্তরে জমা দেওয়া হয়েছে। তার পরও গতকাল জরিপকারী দল এসেছিল।