স্থানীয় সমস্যা নিরসনে নারী কাউন্সিলর প্রার্থীদের ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ এপ্রিল ২০১৫, প্রথম আলোর আয়োজনে ‘স্থানীয় সমস্যা নিরসনে নারী কাউন্সিলর প্রার্থীদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো

আলোচনা

সূত্র: নির্বাচন কমিশন ওয়েবসাইট
সূত্র: নির্বাচন কমিশন ওয়েবসাইট


আব্দুল কাইয়ুম: ঢাকা মহানগরে দেড় কোটির বেশি মানুষের বাস। জলাবদ্ধতা, ড্রেনেজ-সংকট, আবর্জনা অব্যবস্থাপনা, বিদ্যুৎ, পানি, গ্যাসের সংকট, নিরাপত্তা, স্থানীয় নিরাপত্তার অভাব ইত্যাদি এ নগরের বাসিন্দাদের প্রায় প্রতিদিনের সমস্যা। আবার এ মহানগরের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। নগরে নারীদের রয়েছে বহুবিধ সমস্যা। কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব। পাবলিক টয়লেটের অভাব। পাবলিক প্লেসে ইভ টিজিংসহ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন কর্মজীবী নারীরা।
ঢাকা সিটি করপোরেশন এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক তরুণের বাস। এঁদের কর্মসংস্থানের সংকট রয়েছে।
এ মহানগরে আবাসনসংকট আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা। অন্যদিকে, মোট ভোটারের একটা বড় অংশ বস্তিতে বাস করেন। এঁরা মানবেতর জীবন যাপন করছেন। সব মিলিয়ে ঢাকা মহানগরকে বাসযোগ্য করার একটি বড় রকমের চ্যালেঞ্জ রয়েছে।
তাই নগরবাসী, বিশেষভাবে নারী ও তরুণেরা তাঁদের জীবনমান উন্নয়নের জন্য কী চান, কাউন্সিলর প্রার্থীরা তাঁদের নিজেদের এলাকার এসব সমস্যা কীভাবে সমাধান করবেন, এগুলো নিয়ে আজকের আলোচনা।

কে টি ক্রোক

কে টি ক্রোক
কে টি ক্রোক

বাংলাদেশের মানুষের জন্য এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। এটা খুবই ভালো দিক যে এ নির্বাচনে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী-পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া কোনো সমাজের টেকসই উন্নয়ন হয় না। যে সমাজে লিঙ্গবৈষম্য থাকে, সে সমাজের উন্নয়ন ধীরে হয়। গবেষণায়ও বিষয়টি প্রমাণিত হয়েছে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে নারী-পুরুষের সমান অধিকার থাকা জরুরি। স্থানীয় রাজনীতিতে এটা গুরুত্বপূর্ণ বিষয়।
রাজনীতিসহ সব কার্যক্রমে নারী-পুরুষের সমান অংশগ্রহণ থাকতে হবে। যেসব দেশে এ ব্যবস্থা আছে, সেসব দেশ অনেক এগিয়েছে। আমরা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নারীদের রাজনীতিসহ বিভিন্ন সামাজিক কাজে নারীদের উৎসাহিত করছি। কোনো সন্দেহ নেই, বাংলাদেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে অনেক এগিয়েছেন। এ দেশের নারীরা রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনটি সিটি করপোরেশনের ৪৫টি সংরক্ষিত আসনে ২৪৯ জন নারী প্রতিযোগিতা করছেন। সাধারণ আসনে ৮৮৭ জন প্রতিযোগীর মধ্যে নারী মাত্র ২৩ জন। এটা সাধারণ আসনের মোট প্রতিযোগীর প্রায় ৩ শতাংশ মাত্র।
আরও দুঃখজনক হলো, মেয়র পদে একজনও নারী প্রার্থী নেই। এসব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ করতে হবে। প্রার্থী হবে যোগ্যতার ভিত্তিতে। অর্থ ও পেশিশক্তি থাকলেই কেউ প্রার্থী হতে পারেন না।
একটি আন্তর্জাতিক সাময়িকীতে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীর কথা লেখা হয়েছে। সাময়িকী বলেছে, সেলিনা হায়াৎ আইভী অত্যন্ত কার্যকর একজন মেয়র। যিনি নারায়ণগঞ্জের মতো একটি বড় সিটি করপোরেশনের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর দক্ষতা ও যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। আজ অনেক নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাদের মধ্য থেকে কেউ কেউ কাউন্সিলর হবেন। আপনারা সবাই হবেন অন্য নারীদের আদর্শ। পথপ্রদর্শক।
নারীদের সামনে আসার এখনই সময়। তাঁদের আরও বেশি করে ঘর থেকে বেরিয়ে আসতে হবে। সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করতে হবে। নির্বাচনে হার-জিত থাকবেই, কিন্তু অাপনারা যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এটা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জারিনা রহমান খান

জারিনা রহমান খান
জারিনা রহমান খান

নারীরা এখন আর ঘরে বসে নেই। তাঁরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন। সব জায়গায় নারীর অবদান চোখে পড়ছে। তাই সিটি করপোরেশনেও নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঢাকা সিটির প্রতিটি ওয়ার্ডে একজন নারী বা পুরুষ কাউন্সিলর নির্বাচিত হবেন। প্রতি কাউন্সিলরের একটি সুনির্দিষ্ট অধিকার ও দায়িত্ব আছে। নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে মেয়রদের নিয়ে হইচই পড়ে গেছে। প্রচার-প্রচারণা, আলোচনা-সমালোচনা সবই তাঁদের নিয়ে। কিন্তু মেয়র একা সিটি করপোরেশন চালাবেন না। মেয়র-কাউন্সিলর সবাই মিলে একটি পরিষদ হবে। সবাই দায়িত্ব নিয়ে পরিষদের সদস্য হবেন।
তাদের কে এই অধিকার ও দায়িত্ব দিচ্ছেন? নিশ্চয়ই ভোটাররা। তাই মেয়র ও কাউন্সিলর একে অপরের পরিপূরক। এখানে কাউকে কম গুরুত্বপূর্ণ ভাবার সুযোগ নেই। মেয়র-কাউন্সিলদের মধ্যে পার্থক্য হলো, কাউন্সিলররা প্রতিটি ওয়ার্ডে কাজ করবেন। মেয়র সার্বিক কাজের তদারক করবেন। এখানে কারও গুরুত্ব কম না।
মেয়র–কাউন্সিলর সবাইকে সিটি করপোরেশনে ভূমিকা রাখতে হবে। কাউন্সিলরদের মনে রাখতে হবে, তাঁরা কাউকে উপকার ও সাহায্য করছেন না। কেবল দায়িত্ব পালন করছেন। মেয়র ও জনগণের কাছে কাউন্সিলরদের জবাবদিহি রয়েছে। তাঁরা সেভাবে কাজ করবেন।
স্থানীয় সরকারে আগে সংরক্ষিত আসন ছিল না। স্বজনপ্রীতির মাধ্যমে এখানে একজন আসতেন। ঘরে বসে ভাতা নিতেন। ১৯৯৬ সালের পর সংরক্ষিত আসন ও এসব আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হয়। এতে নারীর ক্ষমতায়নও হয়।
একজন কাউন্সিলর কী কাজ করবেন, আইনে সেসব বলা আছে। এলাকার মশা মারা, বর্জ্য অপসারণ, রাস্তা তৈরি ও মেরামতসহ বিভিন্ন ধরনের কাজ একজন কাউন্সিলরকে করতে হয়। কাউন্সিলররা এলাকার লোকজন নিয়ে বৈঠক করবেন। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করবেন। তারপর অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
মানুষের চাহিদা মোতাবেক কাজ হচ্ছে কি না, মেয়র সেটা দেখবেন। কাউন্সিলররা যাঁদের ভোটে নির্বাচিত হবেন, তাঁদের কাছে যেতে হবে। খোঁজখবর নিতে হবে। তাঁদের সমস্যার সমাধান করতে হবে।

হোসনে আরা রাফেজা

হোসনে আরা রাফেজা
হোসনে আরা রাফেজা

ঢাকা একটি বিশাল মহানগর। এখানে প্রায় দেড় কোটির বেশি মানুষ বাস করে। এই জনগোষ্ঠীর একটি বিশাল অংশ বস্তিতে বাস করে। এ সংখ্যা প্রায় ৪০ লাখের বেশি হবে। অাপনারা জানেন, বহুবিধ সমস্যার মধ্যে বস্তির মানুষ দিন কাটায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গ্যাস, পানি ও বিদ্যুৎ। এ ছাড়া রয়েছে নারী নির্যাতন। অধিকাংশ বিবাহিত নারী যৌতুকের জন্য নির্যাতন ও তালাকের শিকার হন।
বস্তিবাসীদের বিভিন্ন ধরনের সন্ত্রাসের মুখোমুখি হতে হয়। বস্তিতে অবাধে মাদকের ব্যবহার হয়। এখানে নারী, পুরুষ, শিশু প্রায় কেউই মাদকের ছোবল থেকে রেহাই পায় না। তিন বেলা খেয়ে-পরে বেঁচে থাকার সমস্যা তো আছেই। বস্তিবাসী মানুষের নিরাপত্তার বড় অভাব। শিক্ষা ও স্বাস্থ্যসেবার কোনো সুযোগ নেই। কাউন্সিলর প্রার্থীদের কাছে আমাদের আশা অনেক। তাঁদের নির্বাচনের বড় একটা অংশ এই বস্তিবাসীর ভোটার।
এই নির্বাচনে যিনিই বিজয়ী হন, তাঁকে এই সমস্যার সমাধান করতেই হবে। আমরা শুনেছি, নারী-পুরুষ সব কাউন্সিলরের সমান অধিকার। ঢাকা সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে বস্তিবাসী কমিটি আছে। কাউন্সিলরদের যেকোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত। আমাদের সমস্যা যদি আমাদের সঙ্গে নিয়ে সমাধান করেন, তাহলে সেটা আরও বেশি ফলপ্রসূ হবে।
কোথায় কী করতে হবে। কোথায় কী সমস্যা আছে, সেগুলো আমাদের সঙ্গে বসে ঠিক করতে হবে। বস্তিবাসীর চাহিদা মোতাবেক কাজ হচ্ছে কি না, সেটাও নিশ্চিত করতে হবে। কাউন্সিলররা যেন কখনোই না ভাবেন, তাঁরা আমাদের দয়া বা উপকার করছেন।
আমাদের সেবা পাওয়ার অধিকার আছে। এ সেবা দেওয়ার দায়িত্ব তাঁদের। আমরা আশা করব, ২৮ এপ্রিল নির্বাচনে যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা যেন আমাদের সমস্যার কথা ভুলে না যান। ৪০ লাখ মানুষকে বাদ দিয়ে ঢাকা সিটি করপোরেশনের কোনো উন্নয়ন হওয়া সম্ভব না।

অনিন্দ্য শামস

অনিন্দ্য শামস
অনিন্দ্য শামস

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে গোটা দেশ এখন উৎসবমুখর। কিন্তু তা মূলত মেয়রকেন্দ্রিক। কাউন্সিলর কারা, তাঁদের কাজ কী, এসব নিয়ে সাধারণ জনগণের তেমন কোনো ধারণা নেই। নারী কাউন্সিলরদের দায়িত্ব পুরুষদের চেয়ে কম তো নয়ই, বরং বেশি।
একজন নারী কাউন্সিলর তাঁর ওয়ার্ডকে নিজের সন্তান মনে করবেন। এভাবে ভাবলে তাঁর পক্ষে জমি দখল, টেন্ডারবাজি, মাস্তান বাহিনী লালন ইত্যাদি কখনোই সম্ভব হবে না। আজকের এই বৈঠকে কয়েকজন নারী কাউন্সিলর প্রার্থী উপস্থিত আছেন। আমি আশা করব, তাঁরা জয়ী হবেন। আবার নির্বাচনের পরের দিন থেকেই হারিয়ে যাবেন না। একজন নারী কাউন্সিলরকে বিশ্বাস করতে হবে তাঁর ক্ষমতা পুরুষের সমান।
একজন কাউন্সিলরের যেসব দায়িত্ব আছে, সেগুলো পালন করার পাশাপাশি একজন নারী আরও বিশেষ কিছু কাজ করতে পারেন। এই কাজগুলো একজন পুরুষ কাউন্সিলরের কাছ থেকে আমরা কখনোই আশা করতে পারি না। বাংলাদেশে নারীকে প্রতিনিয়ত অনেক ধরনের প্রতিকূলতা ও বৈষম্যের শিকার হতে হয়। এসব দূর করতে আপনারা সুনির্দিষ্ট ভূমিকা পালন করতে পারেন।
বস্তিবাসী নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিনা মূল্যে সাপ্তাহিক স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা প্রয়োজন। আমাদের পুরুষশাসিত সমাজে নারীর শারীরিক কিছু প্রক্রিয়া যেন একটা নিষিদ্ধ বিষয়। একটা মেয়েকে স্যানিটারি ন্যাপকিন কিনতে অনেক সময় অস্বস্তিতে পড়তে হয়। এটা দূর করতে আপনারা ভূমিকা রাখবেন।
কর্মজীবী নারীদের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে শিশু দিবাযত্নকেন্দ্র তৈরি করতে হবে। এলাকার তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারের জন্যও আপনাদের উদ্যোগ হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। এমন আরও অনেক কাজ আছে, যেগুলো শুধু একজন নারী কাউন্সিলরের পক্ষেই সফলভাবে করা সম্ভব। এই কাজগুলো করার জন্য আপনি তরুণ প্রজন্মকে পাশে পাবেন।
অনেকের ধারণা, বর্তমান তরুণ প্রজন্ম দিন-রাত শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকে। কিন্তু তরুণেরা আজ সমাজসচেতন। তবে নীতিনির্ধারকদের সঙ্গে তাঁদের দূরত্ব এখন বেশি। আপনি একজন নারী কাউন্সিলর হিসেবে এই দূরত্ব কমিয়ে আনতে পারেন। আপনার ওয়ার্ডের সমাজসচেতন তরুণদের নিয়ে ইয়োথ কমিটি তৈরি করুন।
বছরের পর বছর ক্রমবর্ধমান সহিংসতা দেখে তরুণ প্রজন্ম আজ রাজনীতিতে অাগ্রহ দেখায় না। কিন্তু তরুণেরা সমাজসেবা করতে চান। তাই আপনাদের ইয়োথ কমিটিতে তঁারা তখনই যোগ দেবেন, যখন তঁারা নিশ্চিত হতে পারবেন যে এই কাজ করলে তঁাদের কেউ ‘ক্যাডার’ বলে সম্বোধন করবে না বা তঁাদের কোনো নোংরা রাজনীতির সঙ্গে জড়ানো হবে না। তঁাদের আশ্বাস দিন, আপনারা তঁদের পাশে থাকবেন, ইয়োথ কমিটিগুলো ছাত্রলীগ বা ছাত্রদলে পরিণত হবে না।
তাহলে এই তরুণেরাই সমাজের অপরাধ ঠেকাবেন। মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ইভ টিজিং করার সাহস কেউ পাবে না। এবং এই তরুণদের একটি অংশই একদিন বাংলাদেশে দূষণমুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করবে। শুরুটা কিন্তু আপনাদের হাত ধরেই হতে পারে। মানুষ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। তাই দায়িত্বকে মহানুভবতা ভাবার কোনো সুযোগ কাউন্সিলরদের নেই। ৩০ লাখ শহীদ রক্ত দিয়েছেন বলেই আজ আমরা স্বাধীন। নির্বাচনী এলাকার উন্নয়নের অবস্থা দেখেই মানুষ জানতে পারবে যে নির্বাচিত জনপ্রতিনিধিরা সেই শহীদের ঋণ শোধ করতে আন্তরিক।

রাশিদা আক্তার

রাশিদা আক্তার
রাশিদা আক্তার

আমরা পোশাকশিল্পের শ্রমিক। আমাদের বেতন কম। বাস করি বস্তিতে। বস্তিবাসী মানুষের অনেক সমস্যার কথা শুনলাম। আমরা এসব সমস্যার ভুক্তভোগী। আবার আমাদের পোশাকশিল্পে অনেক সমস্যা রয়েছে। প্রধানত, আমরা ঠিকমতো বেতন পাই না। আমাদের কাজের পরিবেশ ভালো থাকে না।
প্রতিনিয়ত সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়। আমাদের নিরাপত্তার অভাব রয়েছে। মালিকের সঙ্গে প্রায় অনেক ক্ষেত্রে এসব বিষয়ে কথা বলা যায় না। আবার কথা বলতে পারলেও তিনি আমাদের দাবিকে খুব একটা গুরুত্ব দেন না। আমাদের ওয়ার্ডে অনেক পোশাকশ্রমিক আছেন। প্রতিদিনের জীবনে তাঁরা অনেক সমস্যার মোকাবিলা করছেন। আমাদের ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরের কাছে অনেক আশা রয়েছে। আমাদের সব সমস্যার সঙ্গে তিনি যেন থাকেন।
বিশেষ করে প্রায়ই বেতনের সমস্যা হয়। বেতনসহ বিভিন্ন সমস্যার জন্য আমাদের আন্দোলন করতে হয়। কাউন্সিলর সঙ্গে থাকলে দ্রুত আমাদের সমস্যার সমাধান হবে বলে আশা করি। তাই তিনি যেন দায়িত্ব অনুভব করেন যে আমাদের পাশে তাঁকে থাকতে হবে।

কাবেরী গায়েন

কাবেরী গায়েন
কাবেরী গায়েন

আমি ঢাকা সিটি করপোরেশনের একজন ভোটার। কিন্তু আমার কাছে এখনো কেউ ভোট চাননি। তবু অনেক খুশি যে অনেক দিন পর এখানে সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে।
সত্যিকার অর্থে ঢাকা মহানগর একটি ময়লার শহরে পরিণত হয়েছে। ধানমন্ডির মতো এলাকায়ও ঘর থেকে বের হয়ে কিছু দূর গেলেই ময়লার স্তূপ দেখতে পাই। দেখি, সেখানে কিছু বস্তি হয়েছে। আরও দেখি বাস, রিকশা, সিএনজিচালিত অটোরিকশার জন্য কী কষ্টকরভাবে নারীরা অপেক্ষা করেন।
ঢাকা মহানগরে কোনো এলাকাই খুব একটা পরিচ্ছন্ন নয়। সর্বক্ষণ রাস্তা দিয়ে যানবাহন চলতে থাকে। বাসার মেঝে পর্যন্ত ধুলায় ভরে যায়।
নারী কাউন্সিলররা নিজেদের কখনো দুর্বল ভাববেন না। ক্ষমতা সবার সমান। ঢাকা শহরের প্রতিটি এলাকায় বহুবিধ সমস্যা রয়েছে। স্কুল-কলেজসহ যেকোনো জায়গায় যাতায়াতের সমস্যা। নিরাপত্তার অভাব। যেখানে-সেখানে মাদকের ছড়াছড়ি।
ঢাকা মহানগরে পোশাকশিল্পের শ্রমিক ও দরিদ্র নারীরা বস্তিতে বাস করেন। বিভিন্ন রকম সংকটের মধ্য দিয়ে তাঁদের দিন-রাত কাটে। বস্তিতে ৭০ জন নারীকে একটি বাথরুম ও ৪০ জন নারীকে একটি চুলা ব্যবহার করতে দেখেছি। অথচ এঁরা বড়লোকদের তুলনায় ভাড়া দেন বেশি। এঁরা সন্ত্রাসের শিকার হন। কিন্তু তেমনভাবে কারও কাছ থেকে সহযোগিতা পান না।
তা ছাড়া নারীদের শারীরিক প্রক্রিয়াগুলোর ব্যবস্থাপনা এখানে খুবই অস্বস্তিকর হয়। এঁদের জন্য কোথাও একটি শিশু দিবাযত্নকেন্দ্র নেই, যেখানে তাঁদের সন্তানদের রেখে কাজে যেতে পারেন।
একজন নারী কাউন্সিলরের ক্ষমতা ও অধিকার মোটেই কম না। তিনি নারীদের সমস্যাগুলো বুঝবেন এবং তাঁদের প্রতি বেশি মনোযোগ দিতে পারবেন। যেকোনো সময় যেকোনো সমস্যায় নারী কাউন্সিলর এঁদের কাছে আসতে পারবেন।
নারী-পুরুষ সব কাউন্সিলর একসঙ্গে বসে সমস্যা চিহ্নিত করবেন। মেয়রকে বাধ্য করবেন অর্থ বরাদ্দ দিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পয়লা বৈশাখে নারীকে অসম্মান করা হয়। তাহলে সারা দেশে নারীর অবস্থান কী, আমরা সহজেই সেটা বুঝতে পারি। আপনার নারী কাউন্সিলররা নারীদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশা করি।

রুনু আক্তার

রুনু আক্তার
রুনু আক্তার

আমি কমিশনার ছিলাম। কীভাবে মানুষের সেবা করতে হয়, কীভাবে সমস্যার সমাধান করতে হয়, এসব বিষয়ে অভিজ্ঞতা আছে। এলাকার সবার জন্য আমার দরজা খোলা ছিল। স্কুল, মাদ্রাসা, বস্তিবাসী সব জায়গায় যেতাম। সবার কথা শুনতাম। সমস্যার সমাধান করার চেষ্টা করতাম। নারীরা যেকোনো সময় আমার কাছে আসতে পারতেন।
এলাকার অনেক উন্নয়ন করেছি। কোনো ধরনের বৈষম্য আমার কাছে ছিল না। যেখানে সমস্যা দেখেছি, সেখানে গিয়েছি। আমার এলাকায় পোশাকশিল্প আছে। নারী শ্রমিকদের সব সমস্যায় তাঁদের পাশে থেকেছি। কোনো ঈদে বোনাস না পেলে এখানকার নারীদের সঙ্গে মালিকের কাছে গিয়েছি। অন্য সমস্যাগুলোর সমাধান করেছি। ঈদসহ অন্যান্য উৎসবে নারীদের সহযোগিতা করেছি। আবার বিজয়ী হতে পারলে একইভাবে কাজ করব। এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে অগ্রাধিকার দেব।
পানি, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা থাকলে দ্রুত সমাধানের চেষ্টা করব। আমি যেহেতু নারী, তাই নারীদের যেকোনো সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেব। আমার অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এলাকার সার্বিক উন্নয়ন হবে। এলাকাবাসী যেন আবার আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দেন।

মাহমুদা বেগম

মাহমুদা বেগম
মাহমুদা বেগম

সমাজে নারীদের এখনো যুদ্ধ করতে হচ্ছে। জানি না, আরও কতকাল এ যুদ্ধ করতে হবে। সাতজন পুরুষ প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। পুরুষেরা নারীদের ভালোভাবে গ্রহণ করছেন না। তাই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে। কিন্তু এই চ্যালেঞ্জে জয়ী হতে চাই। স্কুলে যাওয়া-আসার পথে বখাটেরা মেয়েদের উত্ত্যক্ত করে। অনেক মেয়ে ভয়ে স্কুলে পর্যন্ত আসতে চায় না। নবম-দশম শ্রেণিতে পড়ে, সে মেয়ের সঙ্গেও মাকে স্কুলে আসতে হয়। আসলে এ অবস্থা চলতে পারে না। এই বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই। এ জন্য ঠিক করেছি, স্কুলের আশপাশের ভালো মানুষদের নিয়ে কমিটি করব। তারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রশাসন এ কমিটিকে সহযোগিতা করবে।
এলাকার সন্ত্রাস নির্মূলের উদ্যোগ নেব। এ জন্য স্থানীয় মুরব্বিদের নিয়েও কমিটি করব। তাঁদের সঙ্গে পরামর্শ করে সব অন্যায়ের প্রতিবাদ করব। এলাকার পোশাকশিল্পে কর্মরত নারীদের সমস্যার ক্ষেত্রে তাঁদের সব ধরনের সহযোগিতা দেব।
স্থানীয় সমস্যা ছাড়াও জাতীয় ইস্যুতে কাজ করব। ঢাকা শহরে আবর্জনার চরম অব্যবস্থাপনা রয়েছে। আমার ওয়ার্ডকে পরিষ্কার রাখার জন্য যা করা দরকার, তার সবকিছু করব। দরিদ্র মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ। আমার প্রথম কাজ হবে মশা ও আবর্জনা দূর করা। কমপক্ষে আমার ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চাই।
সিটি করপোরেশনে অনেক জায়গায় দিনের বেলায় ঝাড়ু দেওয়া হয়। এতে শিশু-নারীসহ অন্যদের শারীরিক সমস্যা হয়। রাস্তায় চলাচলকারী মানুষদের গায়ে ধুলা লেগে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। আমি ভোর ছয়টার মধ্যে ঝাড়ুর কাজটি শেষ করতে চাই। আগেও কাউন্সিলর ছিলাম। ১৬ বছরের কাজের অভিজ্ঞতা আছে। কোথায় সমস্যা, কীভাবে কাজ করতে হয়, কখন করতে হয়—এসব ব্যাপারে আমার জানা আছে। এলাকার মানুষ আমাকে নির্বাচিত করলে আমার অভিজ্ঞতার আলোকে আগের থেকে অনেক বেশি সেবা করতে পারব। এই ১৬ বছর যাঁদের জন্য কাজ করেছি, তাঁরা নিশ্চয়ই আমাকে ভোট দেবেন।

হাবিবা চৌধুরী

হাবিবা চৌধুরী
হাবিবা চৌধুরী

আমাকে সরাসরি আসনে পুরুষ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে নির্বাচন করতে হচ্ছে। অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
আমাদের এলাকায় মাদকের ব্যবহার বেশি। মাদকের ভয়াল গ্রাসে আটকা পড়ে অনেক মেধাবী তরুণের জীবন ধ্বংস হচ্ছে। অনেক পরিবার ধ্বংস হচ্ছে। কোনো পরিবারে একজন মাদকাসক্ত রোগী থাকলে সে পরিবারের ঘুম থাকে না। মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলব। আবার তরুণেরা মাদক নিচ্ছে কেন, সেটাও ভেবে দেখতে হবে। এলাকায় যদি খেলার মাঠ থাকত তাহলে তারা মাঠে খেলা করত। তাই শিশু ও তরুণদের জন্য মাঠ তৈরি করব।
আমার এলাকায় ভালো কোনো বাজার নেই। মানুষের কেনাকাটা করতে সমস্যা হয়। এলাকায় একটি বাজার করতে চাই। জন্মের সঙ্গে মৃত্যু অবধারিত হয়ে থাকে। কিন্তু কারও মৃত্যু হলে তাকে কবর দেওয়ার মতো কবরস্থান এলাকায় নেই। এলাকার মানুষের জন্য একটি কবরস্থান করতে চাই। এলাকায় দুটি পোশাকশিল্প আছে। এখানে মেয়েদের বেতন-বোনাস, চাকরিসহ বিভিন্ন ধরনের সমস্যা হয়। এসব ক্ষেত্রে আমি তাঁদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করব।
বিশেষ করে ইভ টিজিংয়ের (উত্ত্যক্ততা) বিরুদ্ধে আমার একটি জোরালো ভূমিকা থাকবে। সারা দেশে না পারি, অন্তত আমার এলাকাকে ইভ টিজিংমুক্ত করতে চাই। এলাকার মানুষকে সঙ্গে নিয়ে একটি কমিটি করব। কেউ ইভ টিজিং করলেই এ কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
যেকোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আমার কণ্ঠ সব সময় সোচ্চার থাকবে। সব অন্যায়-অনিয়মের বিরুদ্ধে ভূমিকা থাকবে। সর্বোপরি মানুষের জন্য কাজ করতে পারলেই ভালো লাগে। তাই নির্বাচিত হতে পারলে মানুষের পাশে থাকব।

আফসানা তাহসিন

আফসানা তাহসিন
আফসানা তাহসিন

আমার মা-বাবা দুজনই রাজনীতি করেন। মানুষের জন্য কিছু করতে গেলে যে শ্রম ও সময় দিয়ে করতে হয়, সেটা আমরা করছি। আমার মা মনোনয়ন পাওয়ার পর থেকে বিভিন্ন প্রকার বাধার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় মানসিক নির্যাতনের মধ্য দিয়ে কাজ করতে হয়। বাবা সব সময় নিজের সময় ও অর্থ ব্যয় করে মানুষের জন্য কাজ করেন। বাবাকে আমরা বলতাম কেন মানুষের জন্য এতসব করো? তোমার লাভ কী? এখন আমরা বড় হয়েছি। বুঝতে শিখেছি। তাই ভাবি, সত্যিই মানুষের জন্য কিছু করা দরকার।
অনেক মানুষ অনেক কষ্টে থাকে, তাদের জন্য কিছু করা দরকার। তা না হলে মানুষ হিসেবে আমাদের বেঁচে থাকার কোনো অর্থ হয় না। প্রায় সব এলাকায় মেয়েরা নির্যাতিত হয়। খারাপ মানুষেরা মেয়েদের বিরক্ত করে। আমরা আমাদের ওয়ার্ডের সব মেয়ের নিরাপত্তা দিতে চাই। মেয়েদের নিরাপত্তার জন্য আগেও কাজ করেছি। ভবিষ্যতেও করে যাব।
আমার মা দীর্ঘদিন যাবৎ মানুষের জন্য কাজ করছেন। কাজ করছেন আমাদের ওয়ার্ডের প্রতিটি বস্তিতে। জনতা হাউজিংয়ের বস্তির পাকা রাস্তা আমার মা করেছেন। আমাদের এলাকার প্রতিটি বস্তির খোঁজখবর রাখছি। বস্তির মানুষের সঙ্গে কাজ করে এখানে এসেছি। বস্তির উন্নয়ন আমার মায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।
আমাদের এলাকার ২০০ পোশাককর্মী নারীকে মা সনদ দিয়েছেন। বিভিন্ন সময়ে বিপদে-আপদে তাঁদের পাশে থেকেছি। ছিন্নমূল মানুষের জন্য কাজ করব। ধনী-দরিদ্র সব শ্রেণির নারীরা নির্যাতিত হয়। অনেকে বলতে পারে, অনেকে পারে না। আমাদের বাসায় এমন অনেক নির্যাতিত নারীর সালিস-বিচার হয়। আমার দেখেছি, নারীদের নির্যাতন ও কষ্টের কত ধরন।
মানুষের কষ্ট সঙ্গে নিয়েই বড় হয়েছি। লায়নস ক্লাবের মাধ্যমে আমার মা অনেক দরিদ্র নারীর চোখের সমস্যা দূর করেছেন। আমাদের প্রধান কাজ হবে সন্ত্রাস নির্মূল। আমার মা আমাদের ওয়ার্ডে বছরের পর বছর মানুষের কল্যাণ করছেন। আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন।
আমরা টাকাপয়সা দিয়ে মানুষের ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। নির্বাচিত হলেও মানুষের জন্য কাজ করব, না হলেও কাজ করব।

আব্দুল কাইয়ুম: সব এলাকার কিছু সাধারণ সমস্যা যেমন পানি, গ্যাস, বিদ্যুতের সমস্যা আছে। আবার এলাকাভিত্তিক কিছু সমস্যা আছে। আলোচনা থেকেও বিভিন্ন ধরনের সমস্যা ও সমাধানের কথা বলা হয়েছে। চারজন নারী প্রার্থী নির্বাচিত হলে এলাকার জন্য কল্যাণকর ভূমিকা গ্রহণে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। যিনিই নির্বাচিত হবেন, তিনি যদি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেন, তাহলে প্রতিটি ওয়ার্ডেরই উন্নয়ন হবে। নিশ্চয়ই সব এলাকার নির্বাচিত প্রতিনিধিরা তাঁদের এলাকার মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

যাঁরা অংশ নিলেন
জারিনা রহমান খান : অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
কাবেরী গায়েন : অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
মাহমুদা বেগম : কাউন্সিলর প্রার্থী, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ওয়ার্ড নম্বর ১৬
হাবিবা চৌধুরী : কাউন্সিলর প্রার্থী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ওয়ার্ড নম্বর ২
রুনু আক্তার : কাউন্সিলর প্রার্থী, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ওয়ার্ড নম্বর ১২
আফসানা তাহসিন : ঢাকা উত্তর সিটি করপোরেশন, ওয়ার্ড নম্বর ১২-এর কাউন্সিলর প্রার্থী শিরিন রুখসানার মেয়ে
কে টি ক্রোক : ডেপুটি চিফ অব পার্টি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল
হোসনে আরা রাফেজা : সভাপতি, বস্তিবাসী অধিকার সুরক্ষা কমিটি
অনিন্দ্য শামস : সভাপতি, ডিবেট অ্যান্ড কুইজ সোসাইটি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
রাশিদা আক্তার : গার্মেন্টস শ্রমিক, ইউনিয়ন নেত্রী
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো

আলোচনায় সুপারিশ
: সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে নারী-পুরুষের সমান অধিকার থাকা জরুরি
: কাউন্সিলররা যাঁদের ভোটে নির্বাচিত হবেন, তাঁদের খোঁজখবর নিতে হবে। তাঁদের সমস্যার সমাধান করতে হবে
: বস্তিবাসীর চাহিদা মোতাবেক কাজ হচ্ছে কি না, সেটাও নিশ্চিত করতে হবে 
: বস্তিবাসী নারীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিনা মূল্যে সাপ্তাহিক স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা প্রয়োজন
: রাজনীতিসহ সব কার্যক্রমে নারী-পুরুষের সমান অংশগ্রহণ থাকতে হবে
: মেয়র পদে একজনও নারী প্রার্থী নেই। এসব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ করতে হবে