স্থানীয় সরকার আইন পরিবর্তনের ইঙ্গিত আশরাফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার আইন পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, তিনি স্থানীয় সরকার আইন সংশোধনের জন্য সংসদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করবেন।

আজ সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে গোলারটেক মাঠে মিরপুর, শাহ আলী ও দারুস সালাম থানা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আশরাফ এ কথা বলেন।
আশরাফ বলেন, ‘একটি জবাবদিহিমূলক স্থানীয় সরকারব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। সেজন্য স্থানীয় সরকারের যত ধাপ আছে, সব ধাপকেই আমরা আরও গতিশীল করতে চাই। প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সরকার আইন সংশোধনের জন্য সংসদে একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করব।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উপজেলা নির্বাচনে বিশ্বাস করেন না, মন্তব্য করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আসলেই তিনি কি স্থানীয় নির্বাচন ও উপজেলা নির্বাচনে বিশ্বাস করেন? কারণ বিএনপি ১৯৯১ সালে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাচন আইন বাতিল করে। নির্বাচিত সব উপজেলা চেয়ারম্যানকে বরখাস্ত করে। তাই উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ সন্দেহজনক।’
সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা স্থানীয় সরকারব্যবস্থায়ও বিশ্বাস করি, উপজেলা নির্বাচনেও বিশ্বাস করি। উপজেলা নির্বাচনকে যুগোপযোগী করেছি। নারায়ণগঞ্জ ও গাজীপুর নামে দুটি নতুন সিটি করপোরেশন করেছি। স্থানীয় সরকারব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিরা যাতে অত্যন্ত দৃঢ় এবং গতিশীলভাবে কাজ করতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী এসব আইন পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।’
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশে দুই ধরনের আইন প্রচলিত। একটি হলো সংসদীয় আইন এবং অপরটি স্থানীয় সরকার আইন। একটি দেশে দুই ধরনের ব্যবস্থা থাকতে পারে না। সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদ, স্থানীয় সরকারব্যবস্থা, সিটি করপোরেশন, উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে একই ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা চালু করার লক্ষ্যে সংশ্লিষ্ট আইন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তাঁর দাবি, ভারতে জাতীয় সরকার, বিধানসভা, এমনকি পঞ্চায়েত নির্বাচনেও সংসদীয় পদ্ধতিতে পরিচালিত হয়।
সৈয়দ আশরাফ বলেন, ‘সিটি করপোরেশনে কী হয়? এক ব্যক্তি সব ক্ষমতার মালিক থাকেন। তাঁর জবাব দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এসব কারণে আইনটি পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংসদে একটি প্রস্তাব আনার জন্য আমাকে বলেছেন।’
আশরাফ বলেন, ‘সারা দেশে পত্রপত্রিকায় উপজেলা নির্বাচনের ফলাফলে বলা হচ্ছে, বিএনপি এত, আওয়ামী লীগ এত, জাতীয় পার্টি এত, জামায়াত এত। কিন্তু তারা কীভাবে জানলেন উনি আওয়ামী লীগের না বিএনপির। মনোনয়নপত্রে কারও কী কোনো দলীয় মার্কা লেখা আছে? কেন আমরা দলীয় মার্কা নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারব না? ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ভারত বলেন, পৃথিবীর কোথাও কোনো গণতান্ত্রিক দেশে এ ধরনের দ্বিমুখী আইন নেই। সব জায়গায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকে। সেখানেও স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হয় না। যাঁরা স্থানীয় সরকার নির্বাচনকে নির্দলীয় রাখতে চান, তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন না। দলীয়ভাবে সমর্থনে নির্বাচন হলে স্থানীয় সরকার শক্তিশালী করা সম্ভব।’
নির্বাচন কমিশনে প্রার্থীদের হলফনামা দেওয়ার প্রক্রিয়ার সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, ‘এই হলফনামা এখন রাজনীতিবিদদের চরিত্র হনননামায় পরিণত হয়েছে। ইনকাম ট্যাক্সে তো আমাদের সবকিছু আছে। রাজনীতিবিদরা যদি দুর্নীতি করে তাহলে তারাই তো ধরতে পারে। নির্বাচন কমিশনে হলফনামা দিতে হবে। আবার ইনকাম ট্যাক্সে হিসাব দিতে হবে। এক দেশে দুই নীতি থাকতে পারে না।’ তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের হলফনামা বিভিন্ন জায়গায় উপস্থাপনের মাধ্যমে কাউকে দুর্নীতিবাজ, কাউকে সম্পদলোভী বলে উল্লেখ করা হয়। তিনি বলেন, ‘আমি রাজনীতি করি বিধায় আমার মানসম্মান থাকবে না। আমার ঘর-বাড়ি-সংসার থাকতে পারবে না, আমি কি গাছতলায় বাস করব?’ নির্বাচন কমিশনে হলফনামা জমা দেওয়ার আইনও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে উল্লেখ করেন তিনি।
মিরপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আগা খানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্থানীয় সাংসদ আসলামুল হক প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ।