সংবিধানের ৫৯ ও ৬০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী স্থানীয় সরকার পদ্ধতি চালু করা গেলে আবাসনের অবস্থানগত কারণে দলিতরা নির্দিষ্ট অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ হবে এবং সেখানকার প্রতিনিধি হিসেবে সামনে এগিয়ে আসতে পারবে। বাংলাদেশের সংবিধান সে রাস্তা দেখিয়ে দিয়েছে। গতকাল শুক্রবার ‘পেশা ও জন্মের ভিত্তিতে বৈষম্য কার্যকরভাবে দূরীকরণের লক্ষ্যে জাতিসংঘের নীতিমালা ও নির্দেশাবলী’ পর্যালোচনাকালে প্রধান অতিথি বিচারপতি গোলাম রাব্বানি এ কথা বলেন ।বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ও নাগরিক উদ্যোগের যৌথ আয়োজনে জাতীয় প্রেসক্লাবে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, স্বাধীন মানে ভোটাধিকার না, রাষ্ট্র গঠনে সক্রিয় অংশগ্রহণ। ‘জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য কার্যকরভাবে দূরীকরণের লক্ষ্যে জাতিসংঘ প্রণীত খসড়া নীতিমালা ও নির্দেশনাবলী’ শীর্ষক সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন আইনজীবী তাজুল ইসলাম ও মাজহারুল ইসলাম। জাতিসংঘের নির্ধারিত খসড়ার প্রতিটি অংশ তাঁরা ব্যাখ্যা করেন। তাঁরা বলেন, যার যেটা দায়িত্ব সেটা পালনে সত্ থাকলে দলিতদের হীন চোখে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এইচ কে এস আরেফিন বলেন, মানুষ জন্মের পর বিভাজিত হয় সমাজ দ্বারা। সভায় সারা দেশ থেকে আগত দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা বলেন, দলিতদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছানোর জন্য সংসদে তাদের কোনো প্রতিনিধি নেই। সভায় আরও বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বোধানকি শলোমন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন।