স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার কোনো মানে নেই: অর্থমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে করার কোনো মানে নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলগুলো যে ভূমিকা রাখছে, তাতে নির্বাচনটি দলীয় নির্বাচনেই পরিণত হয়েছে।’
গতকাল বুধবার দুপুরে সিলেট নগরের কবি কাজী নজরুল মিলনায়তনে বেসরকারি সংস্থা সীমান্তিক আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।
উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের জয়-পরাজয় সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, কোন্দলের কারণে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হয়েছেন। তিনি বলেন, ‘সরকার পতন আন্দোলন বিএনপির মুখে মানায় না। কারণ, তারা সব সময় সরকারের বিরোধিতা করে যাচ্ছে। বিএনপির অতীত আন্দোলনের রেকর্ড অনুযায়ী সব আন্দোলনই ব্যর্থ হয়েছে। তাদের মুখে কিসের আন্দোলন?’
অর্থমন্ত্রীকে দেওয়া ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমান্তিকের প্রতিষ্ঠাতা আহমদ আল কবির। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ এইচ বাকী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহিদউল্লাহ তালুকদার, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যামিক শিক্ষা বোর্ডের উপপরিচালক জাহাঙ্গীর কবির প্রমুখ বক্তব্য দেন।
একই মঞ্চে অর্থমন্ত্রী ও মেয়র: রাজনৈতিক কারণে পথচলা ভিন্ন হলেও সাংস্কৃতিক ক্ষেত্রে একই মঞ্চে উঠে অভিন্নমত পোষণ করেছেন অর্থমন্ত্রী এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
গত মঙ্গলবার রাতে নজরুল মিলনায়তনে ‘সম্মিলিত নাট্য পরিষদ গুণীজন সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী। একই মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও মেয়র আরিফুল হক চৌধুরী।