স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে ওয়াসার টানাপোড়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) উপদেষ্টা নিয়োগকে কেন্দ্র করে সংস্থাটির সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের টানাপোড়েন চলছে।
প্রাপ্ত তথ্যমতে, সাংগঠনিক কাঠামোতে পদ না থাকলেও সম্প্রতি ঢাকা ওয়াসা বোর্ড সংস্থার এমডির পাঁচজন উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত নেয়। দুজন ওই পদে যোগও দিয়েছেন। তবে অন্য তিনজন যোগ দেননি। সম্প্রতি বিষয়টি জেনে স্থানীয় সরকার মন্ত্রণালয় চিঠি দিয়ে ঢাকা ওয়াসা বোর্ডের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। চিঠিতে মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া এ ধরনের নিয়োগ না দিতে বলা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, উপদেষ্টা নিয়োগের ব্যাপারে ওয়াসা বোর্ড মন্ত্রণালয়ের অনুমতি চায়নি। উপদেষ্টা কেবল প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারেন।
তবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রথম আলোকে বলেন, ওয়াসার আইন অনুযায়ী বোর্ড চাইলে কাজের সুবিধার্থে যে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে। সুতরাং উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। তিনি বলেন, ওয়াসা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাউকে নিয়োগ দেওয়ার ক্ষমতা নেই। এটা পারে কেবল বোর্ড। এখন কথা হচ্ছে, এ নিয়োগ দেওয়ার প্রয়োজন আছে কি না, তা অন্য ব্যাপার। কিন্তু এ নিয়োগ আইনসংগত।
পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর ধারা-৩০-এর (১)-এ বলা হয়েছে, কর্তৃপক্ষ সংস্থার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা, উপদেষ্টা ও কর্মচারী নিয়োগ করতে পারবে। তবে এ ক্ষেত্রে শর্ত হলো, সাংগঠনিক কাঠামো বাস্তবায়নের পূর্বে সে বিষয়ে সরকারের (সংশ্লিষ্ট মন্ত্রণালয়) অনুমোদন নিতে হবে। কোনো সাংগঠনিক কাঠামো সরকারের অনুমোদনের পর বোর্ডের অনুমোদনক্রমে পরিবর্তন করা যাবে।
ওয়াসা সূত্র বলেছে, ঢাকা ওয়াসা বোর্ডের নিয়োগপ্রাপ্ত উপদেষ্টাদের দুজন সংস্থার সাবেক প্রধান প্রকৌশলী বজলুর রহমান ও আবুল কাশেম ইতিমধ্যে যোগ দিয়েছেন। তবে সাবেক উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গোলাম আহমেদ, সদ্য বিদায়ী উপব্যবস্থাপনা পরিচালক এসডিএম কামরুল আলম চৌধুরী ও সিরাজ উদ্দিন শেষ পর্যন্ত যোগ দেননি।
অনুসন্ধানে জানা যায়, ঢাকা ওয়াসায় এমডির উপদেষ্টা নিয়োগের বিষয়টি জানার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ১৯ এপ্রিল ঢাকা ওয়াসাসহ চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসাকে এ ধরনের নিয়োগের ক্ষেত্রে যথাযথ আইন অনুসরণ করতে বলেছে। ২৮ এপ্রিল মন্ত্রণালয় থেকে ঢাকা ওয়াসাকে দেওয়া আরেক চিঠিতে কোন আইনে, কিসের ভিত্তিতে উপদেষ্টা নিয়োগ করা হলো, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিদ্যমান সাংগঠনিক পরিবর্তন বা নতুন পদ সৃষ্টির ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন নিতে হবে। চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রেও সরকারের অনুমোদন দরকার।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ওয়াসার সাংগঠনিক কাঠামোতে উপদেষ্টা পদ নেই। নতুন করে পদ সৃষ্টিও করা হয়নি। মন্ত্রণালয়ের মতামত নেওয়া হয়নি। এই অবস্থায় উপদেষ্টা নিয়োগ আইনসম্মত হয়নি। তাঁদের মতে, নতুন পদ সৃষ্টি করতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাশাপাশি জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন।
ঢাকা ওয়াসার সূত্র বলেছে, এমডির উপদেষ্টা হিসেবে যোগ দেওয়া বজলুর রহমানকে ঢাকা ওয়াসার পদ্মা পানি শোধনাগার প্রকল্পের পরিচালক করা হয়। পরে তাঁকে ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর এবং বেসরকারিভাবে রাজস্ব আদায় প্রকল্পের (পিপিআই) দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি তাঁকে পদ্মা পানি শোধনাগার প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়েছে, অন্য পদগুলোতে দায়িত্ব পালন করছেন। অপর উপদেষ্টা মো. আবুল কাশেম সার্বক্ষণিকভাবে এমডিকে সার্বিক কাজে সহযোগিতা করছেন।