এলজিআরডি মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী
স্থানীয় সরকার যত শক্তিশালী হবে জনগণ তত সেবা পাবে

ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে অধিকতর শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, স্থানীয় সরকার যত শক্তিশালী হবে, জনগণও তত বেশি সেবা পাবে। প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়সহ এর অধীন বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন। বেলা সাড়ে তিনটা পর্যন্ত তিনি মন্ত্রণালয়ে অবস্থান করেন।
বাসস জানায়, প্রধানমন্ত্রী এ সময় স্থানীয় সরকার শক্তিশালী করতে পর্যায়ক্রমে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের হাতে ক্ষমতা হস্তান্তরে তাঁর সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, স্থানীয় সরকার সংস্থাগুলোর স্তর পুনর্বিন্যাস করে পর্যায়ক্রমে স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য উন্নয়ন পরিকল্পনা এসব সংস্থায় ন্যস্ত করা হবে।
স্থানীয় সরকার বিভাগকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনগুলোতে নির্বাচিত প্রতিনিধিরা তাঁদের কার্যক্রম পরিচালনা করছেন। সব উন্নয়ন পরিকল্পনা তাঁদের মাধ্যমে গৃহীত ও বাস্তবায়িত হচ্ছে। নির্বাচিত প্রতিনিধিদের এক-তৃতীয়াংশ নারী। ফলে নারীরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত হতে পারছেন।
এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, প্রধানমন্ত্রীর সচিব মো. আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেন, পল্লী উন্নয়ন ও সমবায়সচিব এম এ কাদের সরকার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামিম চৌধুরী এবং মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পল্লী উন্নয়ন ও সমবায়সচিব এম এ কাদের সরকার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন। তিনি ২০১৩-১৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অগ্রগতি সর্বোচ্চ ১০৭ শতাংশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
শেখ হাসিনা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেন, বরাদ্দ যাই হোক না কেন, তা যথাযথভাবে ব্যয় হলে পল্লী উন্নয়নসহ গোটা দেশে আরও বেশি পরিবর্তন সাধিত হতো। তিনি বলেন, কৃষিজমি রক্ষা করে নগরায়ণ করতে হবে। কারণ, অপরিকল্পিত নগরায়ণে প্রতিবছর কৃষিজমি বিনষ্ট হচ্ছে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সামর্থ্য অনুযায়ী অর্থ বরাদ্দের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেবা কার্যক্রম পরিচালনার জন্য এ বরাদ্দ যথেষ্ট নয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব আয় বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। স্থানীয় পর্যায়ে সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট গুরুত্ব রয়েছে।
পাঁচ বছরে এক লাখ ৪৩ হাজার ৭৫১ মিটার সেতু ও কালভার্ট নির্মাণ করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কোনো কোনো কাজের ক্ষেত্রে পরিকল্পনার অভাব রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, মধুমতী নদীর ওপর সেতু নির্মাণ করা হলেও ওই সেতুর নিচ দিয়ে তেলবাহী বড় জাহাজ যেতে পারে না। ওই এলাকার একটি বিদ্যুৎকেন্দ্র এ জন্য ঝামেলা পোহাচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের আওতায় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ক্রমাগত অর্থ বরাদ্দ বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯-১০ অর্থবছরে এ বিভাগের বাজেট ছিল আট হাজার ২১২ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরে ১৫ হাজার ৪৬৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাঁচ বছরে বরাদ্দ প্রায় দ্বিগুণ বেড়েছে। এ অর্থ সঠিকভাবে জনকল্যাণে ব্যয় নিশ্চিত এবং প্রতিটি স্তরে নজরদারি জোরদার করার কথা বলেন তিনি।