স্থানীয় সরকার শক্তিশালী করতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ট্রান্সপারেন্সি ইন্টার-ন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ার-পারসন সুলতানা কামাল বলেছেন, স্থানীয় সরকার শক্তিশালী করতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। স্থানীয় সরকার শক্তিশালী না হলে সুশাসন নিশ্চিত হবে না। সুশাসন নিশ্চিত না হলে দুর্নীতি প্রতিরোধ করা যাবে না।জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির দায় নিতে হয় জনপ্রতিনিধিদের। কাজে আরও স্বচ্ছতা ফিরিয়ে আনতে সবাইকে একযোগে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন বাড়াতে তাঁকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। মহাখালীর ব্র্যাক সেন্টারে গতকাল বুধবার সকালে টিআইবি আয়োজিত ‘স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় নারী প্রতিনিধি: সম্ভাবনা, বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তাঁরা এসব কথা বলেন। সভায় একটি গবেষণাধর্মী কার্যপত্র উপস্থাপন করা হয়।সুলতানা কামাল বলেন, আন্দোলন-সংগ্রামসহ বিভিন্ন ক্ষেত্রে যুগে যুগে নারীর উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকলেও শাসনব্যবস্থায় তাঁদের অংশীদারিত্ব নিশ্চিত হয়নি। পুরুষতান্ত্রিক সমাজ এর অন্যতম প্রধান কারণ। এ দেশের নারীদের আরও এগিয়ে নিতে সব বাধা সরিয়ে ফেলতে হবে। নারীকে সমান সুযোগ ও সম্মান দিতে হবে।সাগুফতা ইয়াসমিন বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন কাজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রতিনিধিদের মতানৈক্য আছে। স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীর অর্থনৈতিক মুক্তি, নারীর কর্মকাণ্ড প্রসঙ্গে সনাতন মানসিকতার পরিবর্তন আর নারীদের মধ্যে আন্তযোগাযোগ বাড়াতে হবে।সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নিলোফার চৌধুরী বলেন, নারী আসনের ক্ষেত্রে ‘সংরক্ষিত’ শব্দটি বলার মাধ্যমেই নারীর অবস্থানকে হেয় করা হয়, যা কেন্দ্রীয় ও স্থানীয় উভয় পর্যায়ে নারীকে পিছিয়ে রাখছে।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, গত এক দশকে স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্বের সংখ্যাগত অবস্থান আশাব্যঞ্জক হলেও গুণগত পরিবর্তন তেমন ঘটেনি। নারী নেতৃত্বের সম্ভাবনা পরিপূর্ণ বিকাশের লক্ষ্যে আইনে নারী প্রতিনিধিদের ভূমিকা স্পষ্ট করা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মানসিকতার পরিবর্তন জরুরি। কার্যপত্রে উল্লেখ করা হয়, বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকারপ্রতিষ্ঠানের কার্যক্রম বাস্তবায়নে ৮৪ দশমিক ৯৩ শতাংশ নারী সদস্য বৈষম্যের শিকার। মাত্র ৪৩ দশমিক ৮৪ শতাংশ নারী সদস্য পুরুষ সদস্যদের কাছ থেকে সৌহার্দ্যপূর্ণ আচরণ পান। স্থানীয় সরকারে এখন রাজনৈতিক প্রভাব, বরাদ্দে বৈষম্য, পুরুষ ও নারী সদস্যদের মধ্যে সম্পর্কে বৈরিতা, আইনি জটিলতাসহ অনেক সমস্যা রয়েছে।.সুলতানা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন ইফতেখারুজ্জামান। আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ জারিনা রহমান খান, দিলারা চৌধুরী, আকরামুল হক, স্থানীয় পর্যায়ের নারী প্রতিনিধি হামিদা বেগম, ডালিয়া খাতুন, সুলতানা রাজিয়া, রিনা পাল প্রমুখ।