রাজধানীতে জাসদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, স্থানীয় সরকারপ্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হলে সংবিধানসহ সংশ্লিষ্ট অন্যান্য আইনে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। উপজেলাসহ অন্যান্য স্থানীয় প্রতিষ্ঠানের নির্বাচন রাজনৈতিকভাবে হলে এসব প্রতিষ্ঠানে সাংসদদের হস্তক্ষেপ কমে যাবে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘রাজনৈতিক প্রতিশ্রুতি, জনগণের আকাঙ্ক্ষা ও স্বশাসিত স্থানীয় সরকার বাস্তবায়নে কতিপয় প্রস্তাবনা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি অধ্যাপক মোজাফ্ফর আহমেদ বলেন, সাংবিধানিক ত্রুটির কারণেই স্থানীয় সরকারব্যবস্থা দুর্বল হয়ে আছে। নির্বাচন হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায়। সংসদ নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনের দায়িত্বেও নির্বাচন কমিশনের কর্তৃত্ব থাকা উচিত। বিষয়টি সংবিধানে স্পষ্ট করা দরকার। বিদ্যমান বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সাংসদদের ভোটে। এ নির্বাচনে স্থানীয় সরকার-প্রতিনিধিদেরও ভোটাধিকার থাকা যৌক্তিক। তাতে স্থানীয় সরকার-প্রতিনিধিদের গুরুত্ব বাড়বে। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, দেশকে আমলাতন্ত্রের অভিশাপ থেকে মুক্ত করতে সব স্থানীয় সরকার-প্রতিষ্ঠানের জন্য একটি সমন্বিত আইন দরকার। প্রয়োজন আছে স্থানীয় সরকার কমিশনের। এ জন্য জাসদ সরকারের কাছে সংবিধান ও অন্যান্য আইনে সংশোধনী আনার প্রস্তাব করবে। উপজেলা পরিষদের বিরাজমান সংকট নিয়ে কোনো কর্মসূচি না থাকায় প্রধান বিরোধী দল বিএনপির সমালোচনা করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। তিনি বলেন, বর্তমানে স্থানীয় সরকারপ্রতিষ্ঠানের একটি আইন অন্যটির সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে একটি প্রতিষ্ঠানের কাজের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের সমন্বয় নেই। এ অবস্থা থেকে উত্তরণে সব স্থানীয় প্রতিষ্ঠানের জন্য একটি সমন্বিত আইন দরকার।উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের আহ্বায়ক আবদুল মজিদ বলেন, এখন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) বলছেন, চেয়ারম্যানদের অধীনে কাজ করবেন না। দুই দিন পর সচিবেরা বলবেন, মন্ত্রীর অধীনে থাকবেন না। এভাবে চললে সরকারের ভরাডুবি হবে। রংপুর সদর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান নাসিমা জামান বলেন, সাংসদ, চেয়ারম্যান ও ইউএনওদের চাপে নারী ভাইস চেয়ারম্যানদের ত্রিশঙ্কু অবস্থা। কে বিধবাভাতা পাবেন সেটা দলীয় নেতারা ঠিক করে দেন। সেখানে নারী ভাইস চেয়ারম্যানের সুপারিশ আমলে নেওয়া হয় না। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণফোরাম নেতা পঙ্কজ ভট্টাচার্য, সাংসদ মইন উদ্দিন খান, নারীনেত্রী শিরিন আক্তার, সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, জেরিনা রহমান, উপজেলা চেয়ারম্যান পরিষদের সভাপতি হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান।