বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা
স্থানীয় সরকার শক্তিশালী না হলে গণতন্ত্র সংসদে বন্দী হয়ে পড়বে
স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী না হলে গণতন্ত্র সংসদে বন্দী হয়ে পড়বে। সংসদ হবে ফাঁপা ও অকার্যকর। তাই এই ব্যবস্থার প্রতিটি অংশকেই শক্তিশালী রাখতে হবে। জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার বিকেলে সুশাসনের জন্য নাগরিকের সদস্যসচিব বদিউল আলম মজুমদারের লেখা ‘লোকাল গভর্নেন্স অ্যান্ড পলিটিক্যাল রিফর্মস: কিজ টু পোভার্টি রিডাকশন’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানের সভাপতি জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, ‘আমাদের সংসদীয় গণতন্ত্রে অনেক শূন্যতা, অনেক ফাঁক রয়েছে। এসব দূর করতে হবে। এ জন্য প্রথমে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। তা করা না গেলে গণতন্ত্র ফাঁপা হয়ে থাকবে।’তত্ত্ব্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। তবে তা অন্য কারও সঙ্গে বিরোধ করে নয়। তিনি বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জোর করে আম পাকানোর চেষ্টা করা হয়েছে। আম যে নিজে নিজে পাকে, এ কথা অনেকে ভুলে গিয়েছিলেন। এখন যা কিছু করতে হবে সবই আন্তরিকভাবে করতে হবে। জোর করে চাপিয়ে দিয়ে কিছু করা যাবে না। আকবর আলি বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশনে কিছু জোকার বসেছিলেন। মন খারাপ থাকলে টিভিতে তাঁদের দেখলে মন ভালো হয়ে যেত।অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করার কাজ অব্যাহত রাখতে হবে। আর বদিউল আলম মজুমদার সে কাজটি দীর্ঘদিন ধরে পরম যত্নে করে চলেছেন।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গণফোরামের সভাপতি কামাল হোসেন, সৈয়দ আবুল মকসুদ, হাফিজউদ্দিন খান, অধ্যাপক তোফায়েল আহমেদ এবং আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিধান পাল।