স্থানীয় সরকার-সহায়তা প্রকল্পের অর্থ হরিলুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে স্থানীয় সরকার-সহায়তা প্রকল্পের (এলজিএসপি) টাকা হরিলুটের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা না করেই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবেরা এই প্রকল্পের তালিকা প্রণয়ন করেছেন বলেও উঠেছে অভিযোগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীর কার্যালয়েও নেই আটটি ইউনিয়নে গ্রহণ করা প্রকল্পটির তালিকা।সংশ্লিষ্ট সূত্রের ভাষ্যমতে, ওই প্রকল্পের বরাদ্দকৃত অর্থ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সরাসরি ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে পাঠানো হয়। একে কাজে লাগিয়ে ক্ষেত্রবিশেষে প্রকল্পের আংশিক বাস্তবায়ন করে বা কোনো কাজ না করেই আটটি ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাব থেকে টাকা তুলে আত্মসাৎ করা হয়েছে। কিন্তু কাগজে-কলমে প্রকল্পের শতভাগ বাস্তবায়ন দেখানো হয়েছে। উপজেলা প্রশাসনসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১-১২ অর্থবছরে উপজেলার আট ইউনিয়নে এলজিএসপি-২ প্রকল্পের জন্য ৮৮ লাখ ৩০ হাজার ৮১৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালীকরণের লক্ষ্যে গ্রামীণ অবকাঠামো নির্মাণে বিশ্বব্যাংকের সহায়তায় মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ আসে। বিধি অনুযায়ী মাইকিং করে বা ঢোল পিটিয়ে সভা আহ্বান করে ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে জনসাধারণের মতামতের ভিত্তিতে প্রকল্পের কাজ গ্রহণ করার কথা, কিন্তু তা করা হয়নি। এমনকি এলজিএসপি প্রকল্প বাস্তবায়ন কমিটির কোনো সভাও হয়নি। সূত্রমতে, কঠোর গোপনীয়তা রক্ষা করে ইউপি চেয়ারম্যান ও সচিবেরা নিজেদের ইচ্ছানুযায়ী প্রকল্প তালিকা তৈরি করেছেন। অনুগত সদস্যদের প্রকল্প কমিটির সভাপতি বানিয়ে কাজ না করে বা আংশিক করে টাকা আত্মসাৎ করেছেন। আত্মসাতের বিষয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় এসব তালিকা তাঁরা সাংবাদিকদের দিচ্ছেন না।এরই মধ্যে ইউপি চেয়ারম্যানদের কেউ কেউ নিজ পরিষদের সদস্যের বিরুদ্ধে ও কোনো কোনো সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে জেলা প্রশাসক ও ইউএনও বরাবর সঞ্চারকলিপি দিয়েছেন।সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য আবদুস সোবহানের বিরুদ্ধে ৮২ হাজার টাকার ইট সলিংয়ের (কাঁচা রাস্তায় ইট বিছানো) কাজে ২৫-৩০ হাজার টাকা ব্যয় করে বাকি টাকা মেরে নেওয়ার অভিযোগ, অর্থ আত্মসাতের অনেকগুলো অভিযোগের একটি।প্রকল্পের তালিকা প্রদানের ব্যাপারে জানতে চাইলে খাজাঞ্চী ইউপির সচিব জিয়াউল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ না করে কাউকে কিছু বলা যাবে না।’ বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান জালালউদ্দিন, লামাকাজি ইউপি চেয়ারম্যান কবির হোসেন, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকীসহ কয়েকজন ইউপি চেয়ারম্যান বলেন, এলজিএসপি প্রকল্পে কোনো অনিয়ম হয়নি। প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমি মাস দেড়েক আগে এখানে এসেছি। তাই প্রকল্প সম্পর্কে তেমন কিছু বলতে পারছি না।’ বাস্তবায়ন কমিটির সভা না করেই চেয়ারম্যানরা প্রকল্পের তালিকা প্রণয়ন করেছেন দাবি করে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউএনও সোনামণি চাকমা বলেন, ‘প্রকল্পের অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি ইউপির ব্যাংক হিসাবে পাঠানো হয়ে থাকে। চেয়ারম্যানরাই প্রকল্প বাস্তবায়ন করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে থাকেন। অনিয়মের অভিযোগ পেলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান বলেন, ‘এ ব্যাপারে অসংখ্য অভিযোগ আমার কাছে রয়েছে। অভিযোগগুলো তদন্তের জন্য কোনো সরকারি কর্মকর্তাকে দায়িত্ব দিলে তাঁরা দুর্নীতি রোধের চেয়ে চেয়ারম্যান-সদস্যদের দুর্নীতি করার কাজে সহযোগিতা করেন। তাই আমার কিছু করার নেই। তবে স্থানীয় সাংসদ চাইলে ওই দুর্নীতি রোধ করতে পারবেন।’ প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত না হলে ও টাকা আত্মসাৎ করা হয়ে থাকলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী।