স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের টাকা হরিলুট!
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট একটি সূত্রের ভাষ্যমতে, এসব প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে সরাসরি ইউনিয়ন পরিষদের (ইউপি) ব্যাংক হিসাবে পাঠানো হয়। আর এ সুযোগে কোনো কোনো প্রকল্পের আংশিক বাস্তবায়ন বা কোনোটির কোনো কাজ না করেই উপজেলার ছয়টি ইউনিয়নের নামে আসা অর্থের বেশির ভাগ ব্যাংক থেকে তুলে আত্মসাৎ করা হয়েছে। অথচ কাগজে-কলমে এসব প্রকল্প শত ভাগ বাস্তবায়ন দেখানো হয়েছে।উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১-১২ অর্থবছরে হোসেনপুর উপজেলার ছয়টি ইউনিয়নে এলজিএসপি-২ প্রকল্পের জন্য ৭১ লাখ ১৬ হাজার ৩৫৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালীকরণের লক্ষ্যে গ্রামীণ অবকাঠামো নির্মাণের জন্য বিশ্বব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ আসে।সূত্রমতে, বিধিমালা অনুযায়ী, মাইকিং করে অথবা ঢোল পিটিয়ে সভা আহ্বান করে ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে জনসাধারণের মতামতের ভিত্তিতে প্রকল্প গ্রহণের কথা রয়েছে। কিন্তু এ উপজেলায় তা করা হয়নি। ইউপি চেয়ারম্যান ও সদস্যরা কঠোর গোপনীয়তায় মনগড়াভাবে প্রকল্প তৈরি করেছেন।সূত্রের ভাষ্যমতে, ইউপি চেয়ারম্যানরা তাঁদের অনুগত সদস্যদের প্রকল্প কমিটির সভাপতি বানিয়ে কাজ না করেই ব্যাংক থেকে তুলে আত্মসাৎ করেছেন।খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের চর জামাইল বন্যা আশ্রয়কেন্দ্র সংস্কার দেখিয়ে ৪০ হাজার টাকা তোলা হয়েছে। কিন্তু ওই এলাকায় কোনো বন্যা আশ্রয়কেন্দ্রের খোঁজ পাওয়া যায়নি। একই ইউনিয়নের ধূলজুরি ফিডার রোড থেকে দুই পুকুরের মধ্য দিয়ে আবদুল মজিদের বাড়ি পর্যন্ত রাস্তা মাটি ভরাট দেখিয়ে ৭৫ হাজার টাকা, ধনকুড়া গ্রামে কৃষিকাজের সেচ পাম্পসহ বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানে আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপনের জন্য দুই লাখ ৯৫ হাজার টাকা তোলা হলেও কোনো কাজ হয়নি। সূত্রমতে, সিদলা ইউনিয়নের মেছেড়া বালিকা উচ্চবিদ্যালয়ের সংস্কার ও পূর্ব মেছেরা ফোরকানিয়া মাদ্রাসায় টিন (সিআই শিট) সরবরাহের জন্য এক লাখ ৪০ হাজার টাকা, আতকাপাড়া গ্রামে একটি আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপন ও মেছেড়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে ঘাট পাকাকরণের কাজ দেখিয়ে ৮৩ হাজার টাকা তোলা হলেও বাস্তবে কোনো কাজ হয়নি। জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামে শামসুদ্দিনের বাড়ি থেকে ডিসি রোড পর্যন্ত রাস্তা পুনর্নির্মাণ দেখিয়ে ৬২ হাজার টাকা তোলা হয়েছে। কিন্তু কোনো কাজ না করেই পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে।পুমদী, শাহেদল, গোবিন্দপুর ইউনিয়নেও বিভিন্ন প্রকল্প দেখিয়ে কাজ না করেই প্রকল্পের বেশির ভাগ টাকা ইউপি চেয়ারম্যান ও সদস্যরা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এক ফুট ব্যাসের রিং পাইপ ও নলকূপ স্থাপন এবং স্বাস্থ্যসম্মত শৌচাগার বিতরণ খাতে ৪৫ লাখ টাকা বরাদ্দ দেখানো হয়েছে। বাস্তবে কয়েকটি ইউনিয়নে পাঁচ থেকে ছয় হাজার টাকা দামের হাতেগোনা কয়েকটি নলকূপ ও রিং পাইপ স্থাপন করে এবং সামান্য কিছু স্বাস্থ্যসম্মত শৌচাগার বিতরণ করে বেশির ভাগ টাকা আত্মসাৎ করা হয়েছে। সিদলা ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান, আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন ও জিনারী ইউপি চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুস বলেন, এলজিএসপি প্রকল্পে কোনো অনিয়ম হয়নি।তবে কোনো কাজ হয়নি, এ রকম কয়েকটি প্রকল্প সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তাঁরা কোনো জবাব দেননি।বক্তব্য জানতে ফোন করা হলে দুজন ইউপি চেয়ারম্যানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অপর ইউপি চেয়ারম্যান ফোন ধরেননি।উপজেলা এলজিএসপি বাস্তবায়ন কমিটির তৎকালীন সদস্যসচিব হোসেনপুর উপজেলা প্রকৌশলী মো. আরজুল হক বলেন, ‘আমাদের নামমাত্র কমিটিতে রাখা হলেও প্রকল্প বাস্তবায়ন করেছে ইউনিয়ন পরিষদ। এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি।’ তিনি অবশ্য গত সপ্তাহে অন্যত্র বদলি হয়ে গেছেন। উপজেলা এলজিএসপি কমিটির সভাপতি ও হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এলজিএসপি প্রকল্প বাস্তবায়নের অর্থ সরাসরি মন্ত্রণালয় থেকে ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে পাঠানো হয়ে থাকে। ইউপি চেয়ারম্যানরাই প্রকল্প বাস্তবায়ন করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে থাকেন। এ ক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না।’ তিনি বলেন, তবে অনিয়ম হয়ে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।