উপজেলা চেয়াম্যান, ভাইস চেয়ারম্যানদের সম্মেলন
স্থানীয় সরকারকে উৎসাহিত করতে সংবিধানে সুস্পষ্ট ঘোষণার দাবি
স্থানীয় সরকারের কার্যক্রমকে উৎসাহিত করতে সংবিধানে এর সুস্পষ্ট ঘোষণা উল্লেখ করার দাবি জানিয়েছেন স্থানীয় সরকারের প্রতিনিধিরা। গতকাল শনিবার দুপরে রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত ঢাকা বিভাগের ১২১ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়্যারম্যানদের সম্মেলনে এ দাবি জানানো হয়। মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের (বিইউপিএফ) প্রতিনিধিরাও সম্মেলনে অংশ নেন।পাবনার বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন বলেন, সংবিধানের ৯ নম্বর অনুচ্ছেদে স্থানীয় সরকারকে উৎসাহিত করার বিষয়টি ছিল। কিন্তু পঞ্চদশ সংশোধনীতে তা তুলে দেওয়া হয়। তিনি বলেন, রাষ্ট্রের নীতিমালায় স্থানীয় সরকারের প্রাপ্যতা নিশ্চিত করতে না পারলে এই প্রতিষ্ঠানকে অন্যরা নিয়ন্ত্রণ করবেই।সম্মেলনে জনপ্রতিনিধিরা উপজেলা আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে সাত দফা সুপারিশ উপস্থাপন করেন। পরে উপজেলা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউপ্যাব) গঠন করে ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকিরকে সভাপতি করা হয়েছে। সম্মেলনে অংশ নেওয়া একজন প্রতিনিধি রাতে প্রথম আলোকে জানান, উপজেলা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদকের পদ নিয়ে প্রতিনিধিদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। ভাইস চেয়ারম্যানরা এই পদটি ছাড়তে রাজি না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলা আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়নে সাত দফার মধ্যে উল্লেখযোগ্য হলো: উপজেলা আইনের ২৫ ধারা ও এর সঙ্গে সংশ্লিষ্ট ধারাগুলো বাতিল, স্থানীয় সরকারের সব বিভাগের কর্মকর্তাদের পূর্ণাঙ্গ বা আংশিক এসিআর লেখার ক্ষমতা উপজেলা চেয়ারম্যানকে দেওয়া, পরিষদের স্থায়ী কমিটিগুলো কার্যকর করতে মন্ত্রণালয় থেকে প্রেরিত ও গঠিত কমিটিগুলো বাতিল এবং উপজেলা পরিষদের ১৩ বিভাগের জন্য দেওয়া বরাদ্দ জাতীয় বাজেটের অংশ পরিষদের তহবিলে হস্তান্তর। কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা বলেন, ‘সরকার মুখে গণতন্ত্রের কথা বলে। কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধির চেয়ে প্রশাসনের লোক তাদের কাছে বেশি বিশ্বস্ত। এ কারণে নানা পরিপত্র জারি করে তাদের দিয়েই সরকার উদ্দেশ্য সাধন করছে।’ ফয়জুর রহমান ফকিরের সভাপতিত্বে সম্মেলনে মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউএসএআইডির প্রতিনিধি জেরোম সেয়ার প্রমুখ বক্তব্য দেন। স্থানীয় পর্যায়ে সুশাসন নিশ্চিত করা এবং জাতীয় পর্যায়ে প্রয়োজনীয় আইন ও নীতির সংস্কার করার লক্ষ্যে ‘গণতান্ত্রিক স্থানীয় সরকার শক্তিশালীকরণ (এসডিএলজি)’ প্রকল্প গ্রহণ করা হয়। ইউএসএআইডি ওই প্রকল্পের অর্থায়ন করছে। মতৈক্যের ভিত্তিতে উপজেলা পরিষদের জাতীয় পর্যায়ে একটি ফোরাম গঠনের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।