স্থানীয় সরকারকে শক্তিশালী করে দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারকে শক্তিশালী ও দক্ষ করার মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস করতে হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় দুর্যোগ বিশেষজ্ঞ ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা এ কথা বলেন।যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) সহযোগিতায় উন্নয়ন সংগঠন রূপান্তর আয়োজিত এ পরামর্শ সভায় সারা দেশ থেকে স্থানীয় সরকারের প্রতিনিধিরা অংশ নেন। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার শক্তিশালীকরণ’ শীর্ষক এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএসএআইডির অফিস অব ডেমোক্রেসি ও গভর্ন্যান্স পরিচালক কেভিন স্টার।পরামর্শ সভায় কেভিন স্টার বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে অস্বাভাবিকভাবে প্রাকৃতিক দুর্যোগের হার বেড়ে গেছে। দুর্যোগের কারণে বাংলাদেশে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা পরিকল্পনা নেওয়া জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেভিন স্টার দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার শক্তিশালীকরণ ও সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন।বিষয়ভিত্তিক উপস্থাপনে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) শিক্ষণ ও উন্নয়ন বিশেষজ্ঞ মাহমুদুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ, তাই দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য যথাযথ নীতি ও পরিকল্পনা প্রণয়ন গুরুত্বপূর্ণ। তিনি দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বিভিন্ন সুপারিশ করেন।মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি ও পাবনার বেড়া পৌরসভার মেয়র মো. আবদুল বাতেন বলেন, স্থানীয় সরকারের উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলো দীর্ঘদিন ধরেই দুর্যোগ ব্যবস্থাপনা ও মোকাবিলাবিষয়ক নানা কাজ করে চলেছে। তিনি দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান বলেন, আজকের সভা থেকে প্রাপ্ত সুপারিশ একটি যথাযথ দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম বাস্তবায়নের কৌশল নির্ধারণ করতে সহায়তা করবে।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় মহাসচিব আতাহারুল ইসলাম, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম ও স্বপন গুহ।