স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর। এ জন্য পৌর মেয়রদের সচেষ্ট হতে হবে। গতকাল বুধবার বাংলাদেশ পৌরসভা সমিতির জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ওই সম্মেলনে রাষ্ট্রপতি বলেন, দেশের অনেক পৌরসভায় প্রয়োজনীয় অবকাঠামো গড়ে ওঠেনি। এ জন্য পৌরসভাগুলো নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তাই সরকারি-বেসরকারি অংশীদারিতে পৌর কার্যক্রম চালাতে হবে। মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পৌরসেবা সম্প্রসারণ ও উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ’ শীর্ষক ওই সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি আজমত উল্লাহ খান। সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বক্তব্য দেন। বজলুর রহমান স্মৃতি পুরস্কার বিতরণ: বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, বজলুর রহমান স্মৃতি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, তরুণ প্রজন্মের সামনে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের প্রধান দায়িত্ব। কারণ, স্বার্থান্বেষী মহল ইতিহাসকে বিকৃত করেছে।’ মুক্তিযুদ্ধসংক্রান্ত সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতি পুরস্কার দেওয়ার উদ্যোগকে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করেন রাষ্ট্রপতি। পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, তরুণ সাংবাদিকেরা বিশিষ্ট সাংবাদিক বজলুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে অবদান রাখবেন।